ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

ধর্ষণের খবর কমেছে, খুন বেড়েছে

ধর্ষণের খবর কমেছে, খুন বেড়েছে
×
×

অলংকরণ :: বোরহান আজাদ

শাহেরীন আরাফাত

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

১০ মাসের হিসাবে ধর্ষণের খবর কমেছে, কিন্তু ধর্ষণের পর হত্যা বেড়েছে। শিশুরা সবচেয়ে অরক্ষিত। বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতাই এ নিষ্ঠুরতার মূল। লিখেছেন শাহেরীন আরাফাত

২৫ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এক গ্রামে সমবয়সীদের সঙ্গে খেলছিল সাত বছরের এক শিশু। এক যুবকের জন্য সে গ্লাস ভরে পানি এনে দিয়েছিল। মামলার এজাহার বলছে, এরপর তাকে খালি ঘরে নিয়ে ধর্ষণ করা হয়; তারপর শ্বাসরোধে হত্যা। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। দিনটি এসেছে ১৯৬০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রে খুন হওয়া তিন রাজনৈতিক কর্মী মিরাবাল বোনের স্মৃতি থেকে। এই দিনে শুরু হয় ১৬ দিনের প্রচার অভিযান, চলে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত। জাতিসংঘ এবারের প্রতিপাদ্যে তিনটি দাবি রেখেছে–ন্যায়বিচার নিশ্চিত কর, ভুক্তভোগীকে সুরক্ষা দাও, দায়মুক্তির অবসান ঘটাও। বাংলাদেশে চলতি বছরের ১০ মাসের হিসাব বলছে, তিনটি দাবিই এখানে প্রাসঙ্গিক ও জরুরি।

সংখ্যার দুই মুখ
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের দুই হাজার ৬৬৪টি ঘটনা নথিভুক্ত করেছিল। চলতি বছর একই সময়ে সংখ্যাটি তিন হাজার ১০৬। বেড়েছে প্রায় ১৭ শতাংশ।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে ধর্ষণের ঘটনা ৬৫০ থেকে নেমে ৫৬৭টি হয়েছে। প্রথম দেখায় স্বস্তির খবর। একই তালিকার আরেক কলাম অন্য কথা বলে। ধর্ষণের পর হত্যা গত বছর ছিল ৩১টি; এ বছর ৪৮টি। বেড়েছে ৫৫ শতাংশ। এমএসএফের হিসাবেও এ সংখ্যা ২০ থেকে বেড়ে ৪৭। দুই সংগঠনের হিসাব সব খাতে মেলে না। এ জায়গায় দুটিই এক কথা বলছে। ধর্ষণের পর খুন হওয়া ১২ বছরের কম বয়সী শিশু গত বছর ছিল ১০ জন; এ বছর ২৩ জন।
মানবাধিকার আইনজীবী সালমা আলীর মতে, শুধু কঠোর আইন দিয়ে অপরাধ থামেনি। তাঁর ভাষায়, ‘আইন যতই কঠোর হচ্ছে, তারা প্রমাণ বা আলামত নষ্ট করার জন্য তত বেশি মরিয়া হয়ে উঠছে।’ সাক্ষী বাঁচলে ধরা পড়ার ভয়। তাই সাক্ষীকেই শেষ করে দেওয়া হচ্ছে।

শিশুরা সবচেয়ে অরক্ষিত
আসকের হিসাবে শিশু নির্যাতনের মোট ঘটনা গত বছরের প্রথম ১০ মাসের তুলনায় এ বছর ৯০৫ থেকে ৯১৪ হয়েছে; ফারাক সামান্য। কিন্তু ধরন বদলেছে। ছেলেশিশু ধর্ষণ ৪৫ থেকে বেড়ে ৮৩, প্রায় দ্বিগুণ। শিক্ষকের হাতে যৌন হয়রানি ২৮ থেকে ৫১। নিখোঁজ শিশুর খবর পাঁচ থেকে ৩৮। ধর্ষণের পর হত্যার শিকার শিশু ১৬ থেকে ২৮। ঘরের ভেতরে নির্যাতনে প্রাণ গেছে ৬৪ শিশুর, যাদের ৪২ জনের বয়স ছয়ের নিচে। যে বয়সে শিশুর পৃথিবী মা-বাবার কোলে আটকে থাকে, সেই ঘরেই তার মৃত্যু হচ্ছে।
চলতি বছরের মে মাসে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ হয়। পুলিশ পাঁচ দিনে অভিযোগপত্র দেয়, জুনেই ট্রাইব্যুনালের রায় আসে। রাষ্ট্র চাইলে যে পারে, এ ঘটনা তার প্রমাণ। প্রশ্ন হলো, বাকিদের বেলায় কেন চায় না? নথিভুক্ত বাকি ২৭টি শিশুর বেশির ভাগের পরিবার আদালতের বারান্দায় অসহায় দাঁড়িয়ে থাকে।

ঘর এখনও নিরাপদ নয়
আসকের হিসাবে পারিবারিক সহিংসতার খবর ৫০৩ থেকে কমে ৩৭৯টি হয়েছে। তবু এ বছর ১৪২ জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন; গড়ে মাসে ১৪ জন। ৩৭৯টি ঘটনার মধ্যে মামলার তথ্য মিলেছে মাত্র ১৭৩টির।

যৌতুকের ছবি উল্টো দিকে। যৌতুক নিয়ে সহিংসতা ৬৬ থেকে বেড়ে ৮৭, যৌতুকের জন্য হত্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হয়েছে। অক্টোবরের ২৯ তারিখ কুড়িগ্রামে গৃহবধূ নাইমাকে (ছদ্মনাম) যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বাবার করা মামলায় স্বামী গ্রেপ্তার হয়েছেন। ওই নারীর বাবা জানান, যৌতুকের দাবিতে প্রায়ই নাইমাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কথা শোনাত; মারধরও করেছে একাধিকবার। তিনি আরও বলেন, ‘মোর কাছোত অ্যাতো ট্যাকা নাই। ওমার কাছোত মাফ চাইছোং। তাও ওমরা ছাড়ি দেয় নাই।’
গৃহকর্মী নির্যাতনের খবর ১৫ থেকে বেড়ে ২৪। তাদের ১৬ জনের বয়স ৭ থেকে ১৮ বছর। নির্যাতিত গৃহকর্মীর দুই-তৃতীয়াংশই শিশু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের জরিপ বলছে, স্বামীর হাতে নির্যাতনের শিকার নারীদের ৬৪ শতাংশ কাউকে কিছুই বলেননি। খাতার সংখ্যা তাই বাস্তবের ছোট একটা অংশ মাত্র।

সূত্র: আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার ভিত্তিতে সংকলিত

দায়মুক্তির হিসাব
উত্ত্যক্তের ঘটনা ২১৭ থেকে বেড়ে হয়েছে ২৪৩। ভুক্তভোগী ১৭৩ জন নারী ও মেয়েশিশু। উত্ত্যক্তকারীদের হামলায় আহত হয়েছেন ৫৮ জন পুরুষ, প্রতিবাদ করায় খুন হয়েছেন ৯ জন। মেয়ের পাশে দাঁড়ানোর দামও এখন জীবন দিয়ে দিতে হয়। এমএসএফের হিসাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বেআইনি সালিশ হয়েছে ৩০টি। গত বছর শুধু ধর্ষণের ঘটনায় এমন সালিশ নথিভুক্ত হয়েছিল ১৭টি। সালিশ মানে কিছু টাকা আর মুখ বন্ধের চুক্তি। অপরাধী পায় মুক্তি, ভুক্তভোগীর ভাগে থাকে কলঙ্ক।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ধর্ষণ আইন সংস্কারবিষয়ক এক কমিটির গবেষণার উল্লেখ করে জানান, একসময় ধর্ষণ মামলায় সাজার হার ছিল দুই থেকে তিন শতাংশ, এখন তা আরও কম। তাঁর ভাষায়, ‘অপরাধী অপরাধ সংঘটনের আগেই নিশ্চিত থাকে যে তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না।’
নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন হক কলঙ্কের ভারকেই বড় শিকল মনে করেন। তাঁর কথায়, ‘অপরাধ করে একজন, কলঙ্ক বয় আরেকজন।’

ভুক্তভোগীর পাশে কে
আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়ক (অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং) আবু আহমেদ ফয়জুল কবির মনে করেন, গ্রেপ্তারেই রাষ্ট্রের দায় শেষ হয় না। তাঁর ভাষায়, ‘রাষ্ট্রের দায়িত্ব কেবল অপরাধ সংঘটিত হওয়ার পর আসামি গ্রেপ্তার করা নয়।’ তিনি মনে করিয়ে দেন, তদন্ত হতে হবে নিরপেক্ষ ও পেশাদার। ভুক্তভোগীর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে হবে। চিকিৎসা, মানসিক সহায়তা আর আইনি সহায়তাও তাঁর প্রাপ্য। দুই সংগঠনের তথ্যই মূলত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে নেওয়া। যে ঘটনা খবর হয় না, তা তালিকাতেও ওঠে না। তাই কোনো খাতে সংখ্যা কমলেই অপরাধ কমেছে ধরে নেওয়া যায় না। হয়তো কমেছে মুখ খোলার সাহস। খুন লুকানো কঠিন, ধর্ষণ লুকানো সহজ। খুনের হিসাব বাড়ছে আর ধর্ষণের হিসাব কমছে, এর একটা ব্যাখ্যা হয়তো এখানেই। নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির সমস্যাটিকে আইনের চেয়েও গভীরে দেখেন। তাঁর ভাষায়, ‘নারীও যে সমান মর্যাদার নাগরিক, তার যে সমান অধিকার আছে, এই সত্য আমাদের সমাজ এখনও মেনে নিতে পারেনি।’
এবারের প্রতিপাদ্যের তিন দাবির কোনোটিই এ দেশে নতুন নয়। ন্যায়বিচার আসে শুধু আলোচিত মামলায়। ভুক্তভোগী সুরক্ষা পান না, পান সালিশের চাপ। দায়মুক্তির সংস্কৃতি অপরাধীকে বলে দেয়, ধরা না পড়লেই হলো। আশুগঞ্জের শিশুটি বড়দের বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসের মর্যাদা রাখার দায় পরিবার, সমাজ আর রাষ্ট্রের। তালিকায় সে এখন ২৮ জনের একজন। পরের বছর এই সংখ্যা কমবে        কিনা, তা নির্ভর করছে আজকের ন্যায়বিচার, সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক       সদিচ্ছার ওপর। 
 

আরও পড়ুন

×