জরিপের পদ্ধতি ও আওতা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৭:১৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ | ১১:৪৮
| প্রিন্ট সংস্করণ
সিপিডি-সমকাল জরিপটি পরিচালনা করা হয় তিন ধরনের সৌরবিদ্যুৎ ব্যবহারকারীর ওপর। এক. ইডকল সোলার হোম সিস্টেম ব্যবহারকারী। দুই. সামাজিক সুরক্ষা কর্মসূচির টিআর-কাবিটার আওতায় সৌর প্যানেল ব্যবহারকারী। তিন. বাজার থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে সৌর প্যানেল ব্যবহারকারী।
দেশের ২৯ জেলার ৪৮০টি খানা বা পরিবারের ওপর জরিপ পরিচালিত হয়। জাতীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জরিপে বাংলাদেশের সব, অর্থাৎ আটটি বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জরিপে বহু পর্যায়ের নমুনায়ন পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথম পর্যায়ে প্রাথমিক নমুনায়ন ইউনিট (পিএসইউ) নির্বাচন করা হয়। যেখানে স্পষ্ট স্তরবিন্যাসের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী বড় পিএসইউগুলো নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পিএসইউগুলোর সুপারিশের ভিত্তিতে (snowball sampling) দ্বিতীয় পর্যায়ের পরিবারগুলো নির্বাচিত করা হয়।
সারাদেশে বিদ্যমান ৭১৭টি পিএসইউ থেকে ৪০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট (পিএসইউ) নির্বাচন করা হয়েছে, যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপের (২০২২) ডেটাসেট অনুযায়ী নির্ধারিত। প্রতিটি পিএসইউ থেকে ১২টি পরিবারকে জরিপে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়।
