নেট মিটারিং হতে পারে প্রণোদনা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৭:১৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ | ১১:৪৭
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের বিদ্যুৎ খাতে এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেট মিটারিং ব্যবস্থা। বিশেষ করে ঢাকাকে কেন্দ্র করে রুফটপ সোলার প্রকল্পে নেট মিটারিং দিন দিন গুরুত্ব পাচ্ছে। বিদ্যুতের বাড়তি চাহিদা, উৎপাদনের জন্য জ্বালানি আমদানির চাপ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ– সব মিলিয়ে এ ব্যবস্থা ভবিষ্যতে বড় বিকল্প হয়ে উঠতে পারে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
নেট মিটারিং হলো এমন একটি ব্যবস্থা যেখানে বাড়ি, প্রতিষ্ঠান বা শিল্পকারখানার ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যায়। গ্রিড থেকে নেওয়া বিদ্যুতের বিলের সঙ্গে সেই অতিরিক্ত বিদ্যুতের মূল্য সমন্বয় হয়। ফলে গ্রাহক একদিকে নিজের বিদ্যুৎ চাহিদা মেটান, অন্যদিকে বিদ্যুৎ বিক্রি করে খরচও কমান।
ঢাকার প্রেক্ষাপটে এ ব্যবস্থা ইতোমধ্যেই কার্যকর হওয়ার প্রমাণ পাওয়া গেছে। রাজধানীর কিছু স্কুল, হাসপাতাল ও বাণিজ্যিক ভবনে রুফটপ সোলার বসানো হয়েছে, যেখান থেকে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এভাবে সরকারি অফিস বা হাসপাতালের মাসিক বিদ্যুৎ বিল অর্ধেকেরও বেশি কমে আসছে।
বিশেষজ্ঞরা বলছেন, নগরজীবনে সোলার হোম সিস্টেম টেকসই না হলেও নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে রুপটপ সোলার কার্যকর হতে পারে। কারণ ঢাকায় বহুতল ভবনের ছাদ ব্যবহারযোগ্য, যেখানে একসঙ্গে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অন্যদিকে নেট মিটারিং ব্যবস্থায় অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হয় না। বরং জাতীয় গ্রিডে যুক্ত হয়ে তা অন্যত্র ব্যবহার হয়।
সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে অন্তত তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ রুফটপ সোলারের মাধ্যমে গ্রিডে যুক্ত করার সরকারি পরিকল্পনা রয়েছে। এর বড় অংশ নেট মিটারিং পদ্ধতিতেই কার্যকর হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, হাসপাতাল ও কারখানা এ ব্যবস্থার আওতায় আনা হবে।
নেট মিটারিং কার্যকরভাবে বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে। যেমন–প্রযুক্তিগত মান বজায় রাখা, গ্রাহকের আস্থা তৈরি, কর ও শুল্কে ছাড় দেওয়া এবং ইনভার্টারসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য করা। অভিযোগ রয়েছে, নেট মিটারিং সংযোগ নিতে জটিলতা তৈরি হয় এবং বিল সমন্বয়ে স্বচ্ছতা থাকে না। এসব সমস্যার সমাধান করতে পারলে এ ব্যবস্থা দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে বিশেষজ্ঞদের ধারণা।
নেট মিটারিং কেবল একটি প্রযুক্তিগত সমাধান নয়; বরং বিদ্যুৎ উৎপাদনে জনগণের অংশগ্রহণ বাড়ানোর এক নতুন দিগন্ত। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশে রুফটপ সোলারের মাধ্যমে বিদ্যুতের বিকল্প উৎস তৈরি হলে তা দেশের জ্বালানি নিরাপত্তাকে অনেকটাই শক্তিশালী করবে।
