ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আর্থিক সীমাবদ্ধতা এখনও বড় প্রতিবন্ধকতা

আর্থিক সীমাবদ্ধতা এখনও  বড় প্রতিবন্ধকতা
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৭:১৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ | ১১:২৪

| প্রিন্ট সংস্করণ

আর্থিক সীমাবদ্ধতা দেশের গ্রিডবহির্ভূত সৌরবিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে এখনও বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। সমকাল-সিপিডির সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সৌর হোম সিস্টেম ব্যবহারকারীদের মধ্যে ৪৩ শতাংশ গ্রাহক ঋণভিত্তিক কিস্তির মাধ্যমে সংযোগ নিয়েছেন। তাদের মাসিক কিস্তি গড়ে ৬০০ টাকা হলেও এখনও ১৩ শতাংশ গ্রাহক কিস্তি পরিশোধের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।

জরিপে আরও জানা যায়, ইডকলের প্রতিটি সিস্টেমে গড় খরচ প্রায় ৯ হাজার টাকা, যেখানে টিআর/কাবিটা কর্মসূচির সিস্টেম তুলনামূলকভাবে কম খরচে– গড়ে এক হাজার টাকার নিচে সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগত রুফটপ সোলার স্থাপনায় গড় ব্যয় দাঁড়ায় ২৩ হাজার টাকার বেশি।

বিশেষজ্ঞদের মতে, এই ব্যয় কাঠামো গ্রামীণ ও নিম্ন আয়ের বহু পরিবারের জন্য সৌর হোম সিস্টেম গ্রহণে নিরুৎসাহিতকারী ভূমিকা রাখছে। ফলে বিকল্প শক্তি ব্যবস্থার সম্ভাবনা থাকলেও সীমিত আর্থিক সক্ষমতা তার প্রসারকে আটকে দিচ্ছে। জরিপে অংশ নেওয়া ব্যবহারকারীদের একটি বড় অংশই জানিয়েছেন, কিস্তিভিত্তিক অর্থায়ন সহজ না হলে কিংবা প্যাকেজের মূল্য আরও কমানো না গেলে তারা নতুন করে বিনিয়োগে আগ্রহী নন।

তবে জরিপে ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছে স্বল্পমূল্যের গ্রিডবহির্ভূত সৌর সংযোগের প্রতি মানুষের প্রবল আগ্রহ। টিআর/কাবিটা কর্মসূচির অংশগ্রহণকারীদের মধ্যে এ আগ্রহের হার সর্বোচ্চ, ৮৪ শতাংশ। রুফটপ ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৮০ শতাংশ এবং ইডকলের ব্যবহারকারীদের মধ্যে ৭১ শতাংশ ভবিষ্যতে উন্নত ও সাশ্রয়ী সৌর প্যাকেজ গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। গবেষকরা মনে করছেন, এই ফলাফল গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সৌর শক্তির প্রতি ক্রমবর্ধমান আস্থা ও সম্ভাব্য বাজারের ইঙ্গিত দেয়।

জরিপে আরও বলা হয়েছে, ব্যবহারকারীরা শুধু মৌলিক আলোকসজ্জায় সীমাবদ্ধ সিস্টেমের বদলে তুলনামূলক বড় প্যাকেজে বেশি আগ্রহী। এমন প্যাকেজে আলো, ফ্যানসহ প্রয়োজনীয় গৃহস্থালি যন্ত্রপাতি চালানোর সুযোগ থাকায় তা পরিবারের বাস্তব বিদ্যুৎ চাহিদার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। বিশেষজ্ঞদের ধারণা, সাশ্রয়ী মূল্যে এই ধরনের উন্নত সিস্টেম সহজলভ্য করা গেলে গ্রিড বিদ্যুতের পাশাপাশি সৌর হোম সিস্টেমের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়বে।

নীতিনির্ধারকরা বলছেন, সহজ কিস্তি সুবিধা, ভর্তুকি ও স্বল্প সুদের ঋণ প্রবর্তনের মাধ্যমে সৌর প্যাকেজগুলোকে সাধারণ মানুষের আয়সীমার মধ্যে নিয়ে আসা জরুরি। পাশাপাশি মানসম্মত যন্ত্রপাতি ও বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করা গেলে সৌরশক্তি গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থার সহায়ক শক্তি হিসেবে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

আরও পড়ুন

×