ম্যাকেঞ্জিও যাচ্ছেন না পাকিস্তানে
ছবি: ক্রিকইনফো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৩:০৩
বাংলাদেশ দলের পাকিস্তান সফরে কোচিং স্টাফের পাঁচজন যাচ্ছেন না। এর আগে রায়ান কুক, মারিও ভিল্লাভারায়নে এবং ড্যানিয়েল ভেট্টরিরা পাকিস্তানে যাচ্ছেন না বলে আগেই নিশ্চিত হওয়া গেছে। টিম বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর ভারতের নাগরিক হওয়ায় পাকিস্তান সফরের ভিসার আবেদনই করেননি। এবার এই তালিকায় যোগ হলেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি।
বাংলাদেশ ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানান, কন্ডিশনিং কোচ ভিল্লাভারয়নে হাতের ইনজুরিতে আছেন। শ্রীনিবাস পাকিস্তানে না গেলেও স্কাইপিতে দলের সঙ্গে যোগাযোগ রাখবেন। নীল ম্যাকেঞ্জি এবং ফিল্ডিং কোচ রায়ান কুক যাচ্ছেন না পাকিস্তানে। আর এখনও দলের পেস বোলিং বোলিং কোচ নিয়োগ দেওয়া হয়নি।
তবে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পাকিস্তানে যেতে সমস্যা নেই। দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালিফাতোও যাচ্ছেন পাকিস্তানে। এছাড়া স্পিন কোচ, পেস বোলিং কোচ এবং কম্পিউটার বিশ্লেষক হিসেবে খন্ডকালীন দায়িত্ব নেওয়া হচ্ছে কয়েকজনকে। বাংলাদেশ দলের কোচিং স্টাফ ছাড়াও দলের বেশ কিছু ক্রিকেটার পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। মুশফিকুর রহিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিন ধাপের কোনটিতেই তিনি পাকিস্তান যাচ্ছেন না। তামিম জানিয়েছেন, যে কোন একবার তিনি পাকিস্তানে যাবেন। সে হিসেবে কিছুটা তরুণ দল নিয়েই পাকিস্তানে যেতে হবে বাংলাদেশের।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- পাকিস্তান সফর-২০২০
