ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ড্রেসিংরুমের স্বাদ দিতেই দলে হাসান!

ড্রেসিংরুমের স্বাদ দিতেই দলে হাসান!
×

ছবি: গেটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৪:০১

নতুন ক্রিকেটার জাতীয় দলে ডেকে তাকে সুযোগ না দিয়েই বাদ দেওয়ার ঘটনা কম নেই বাংলাদেশ দলে। ব্যাটসম্যান ইয়াসির আলী, পেসার ইয়াসিন আরাফাতদের সঙ্গে হয়েছে এমনটা। এবার আবার ২০ বছর বয়সী তরুণ পেসার হাসান মাহমুদকে পাকিস্তান সফরের টি-২০ দলে ডেকেছেন বিসিবির নির্বাচকরা। তাকে জাতীয় দলের স্বাদ দিতে চান বলে উল্লেখ করেছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'বঙ্গবন্ধু বিপিএলে আমাদের সবচেয়ে গতিময় পেসার ছিল হাসান মাহমুদ। তার ওই গতিটা দেখার জন্য তাকে দলে নেওয়া হয়েছে। আমাদের মনে হয়েছে, তাকে যদি জাতীয় দলের ড্রেসিংরুমে রেখে আমরা পরিচর্যা করতে পারি, দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নিতে তাকে খুব বেশি বেগ পেতে হবে না।'

বাংলাদেশ দলের পেস আক্রমণে ফিরেছেন রুবেল হোসেন। দেশের অভিজ্ঞ এই পেসার সর্বশেষ ২০১৮ সালের আগস্টে টি-২০ খেলেছেন। তাকে দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, 'শেষ এক বছর জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে আছে রুবেল হোসেন। তবে এবারের বিপিএলে দারুণ ধারাবাহিকতার জন্য তাকে দলে ডাকা হয়েছে। তার অভিজ্ঞতাকে আমরা অগ্রাধিকার দিয়েছে। কারণ পাকিস্তান সফরে দলে কিছু অভিজ্ঞ ক্রিকেটার দরকার ছিল।'

ইংল্যান্ড বিশ্বকাপের পরে শ্রীলংকায় সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছেন তামিম ইকবাল। এর পরে অফ ফর্মের কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে এবং টি-২০ ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম নেন তিনি। ভারত সফরের দলে থাকার কথা ছিল তামিমের। কিন্তু সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে যাওয়া হয়নি তার। পাকিস্তান সফরও অনিশ্চিত ছিল তামিমের। কারণ তিনি ইনজুরিতে ভুগছেন। তবে শেষ পর্যন্ত দলে আছেন তিনি।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'তামিমের ইনজুরি নিয়ে চিন্তা ছিল আমাদের। তবে শেষ পর্যন্ত আমরা তামিমকে পাকিস্তান সফরের দলে পাওয়ায় খুশি। কারণ কিছু সিনিয়র ক্রিকেটার দলে নেই। দলে তাই তার মতো কিছু সিনিয়র ক্রিকেটার দরকার ছিল আমাদের।' বাংলাদেশ তিন দফায় পাকিস্তান সফরে যাবে। প্রথম দফায় আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

আরও পড়ুন

×