লেগ স্পিন দিয়ে স্বপ্ন ছুঁলো টাইগ্রেসরা
ছবি: টুইটার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৬:৩৩ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৬:৩৩
বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলে একজন লেগ স্পিনারের হাহাকার। কাড়ি কাড়ি অর্থ ঢেলে, পরিকল্পনা করে, হান্ট কর্মসূচি করে প্রতিভাবান লেগ স্পিনার মিলছে না। অলক কাপালির অকালে হারিয়ে যাওয়ার পর থেকেই ওই লেগ স্পিনার খোঁজার কাজ চলছে।
জুবায়ের আহমেদ লিখন কিংবা আমিনুল ইসলাম বিপ্লবকে খুঁজে বের করা হলেও শীর্ষ পর্যায়ে তারা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ। অথচ বাংলাদেশ পঞ্চাশ ওভারের নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে দু’জন লেগ স্পিনারের কারিশমায়।
নিউজিল্যান্ডে পেস বান্ধব স্পোর্টিং উইকেটে পরপর দুই উইকেটসহ তিন উইকেট নিয়েছেন ডানহাতি লেগ স্পিনার ফাহিমা খাতুন। বাংলাদেশের দেওয়া ২৩৫ রান তাড়া করতে নেমে কোন উইকেট না হারিয়ে পাকিস্তান ৯১ রান যোগ করে। দ্বিতীয় উইকেট পড়ে ১৫৫ রানে। ওপেনার সিদ্রা আমিন ১০৪ রানের ইনিংস খেলেন।

ম্যাচ তখন পাকিস্তান নারী দলের পকেটে। ৪৩তম ওভারে চতুর্থ উইকেট পড়ার পর ৭.৩ ওভারে ৪৮ রান দরকার ছিল পাকিস্তানের। ফাহিমা পরের ওভারেই দুই উইকেট নিয়ে ম্যাচ বের করে নেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন। অন্য লেগ স্পিনার রুমানা আহমেদও দারুণ বোলিং করেছেন। তিনি পাকিস্তান ওপেনার নাহিদা খানকে বোল্ড করে দেন। পরে শূন্য রানে ফেরান নিদা দারকে।
অথচ প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না ফাহিমা। অধিনায়ক নিগার সুলতানার দুই লেগ স্পিনার নিয়ে মাঠে নামাকে বিলাসিতা মনে হতে পারে। কিন্তু ওই সাহস তিনি দেখিয়েছেন। ম্যাচের টার্নিং পয়েন্টে লেগিদের ওপর ভরসাও রেখেছেন। তারই ফল দুর্দান্ত এই জয়।
