নতুন শুরুর প্রত্যাশা নাজমুলের
ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০৬:৫৮
বাংলাদেশ জাতীয় দলে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ অভিষেক হয়ে গেছে নাজমুল হোসাইন শান্তর। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের পরে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে আসা নাজমুল জাতীয় দলে নিজের প্রমাণ দিতে পারেননি। বিপিএলের শুরুটা ভালো না হলেও শেষটায় দারুণ খেলেছেন তিনি। জাতীয় দলে এই ফর্মটা ধরে রাখতে চান বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান সফরের দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে এমনই প্রত্যাশার কথা জানান নাজমুল। তিনি বলেন, ‘অতীত নিয়ে আমি ভাবছি না। শুধু চেষ্টা করবো অতীতের ভুলগুলো আর না করতে। বিপিএলের শেষ কটা ম্যাচ আমার ভালো গেছে। আমি আত্মবিশ্বাসী যে, সুযোগ পেলে পাকিস্তানে ভালো করতে পারবো।’
বঙ্গবন্ধু বিপিএলের শুরুর আট ম্যাচে সেভাবে ব্যাটে রান পাননি নাজমুল শান্ত। এরপর দলের শেষ চার নিশ্চিত করার ম্যাচে খেলেন দুর্দান্ত এক শত রানের ইনিংস। কোয়ালিফায়ারে আবার ভালো খেলে দলকে ফাইনালে তোলেন। এই দুই ম্যাচ নাজমুলকে অনেক জ্ঞান দিয়েছে বলে জানান তিনি, ‘আমার মতে, মানসিক দিকটায় একটা বড় পরিবর্তন এনেছে এই দুই ইনিংস। আস্থা দিয়েছে যে, আমিও টি-২০ ফরম্যাটে ভালো করতে পারবো।’
নাজমুল শান্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ সেঞ্চুরি করে নজরে আসেন। এরপর ঘরোয়া ক্রিকেট ভালো পারফরম্যান্স করছেন তিনি। ইমার্জিং দলের নেতৃত্বভারও দেওয়া হয়েছে তাকে। তার দিকে আলাদা মনোযোগ রেখেছে ক্রিকেট বোর্ড। নাজমুলের পরিপূর্ণ হয়ে ওঠা নিয়ে বিসিবির খরচা-পাতিও কম নয়। এবার যেন সেটা পুষিয়ে দেওয়ার পালা নাজমুলের, ‘আমি আগের সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত সেটা পেরেছি এবং কিছু রানও করতে পেরেছি।’
