নির্মম রাত: স্বপ্ন ভাঙলো যাদের, বিশ্বকাপে যারা
তারা সবাই ক্লাব ফুটবলের তারকা। তাদের কেউ বাদ পড়েছেন, কেউ হেসেছেন বিশ্বকাপের হাসি।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ০৩:৫১ | আপডেট: ৩০ মার্চ ২০২২ | ০৪:০০
কাতার বিশ্বকাপের জন্য আগেই ২০ দল জায়গা পাকা করেছে। মঙ্গলবার রাতে বাঁচা-মরার লড়াইয়ে নেমে বিশ্বকাপের টিকিট পেয়েছে সাত দল। হৃদয়ও ভেঙেছে সাত দলের। বাদ পড়েছে তারকা ফুটবলাররা।
ঘানা-নাইজেরিয়া: মঙ্গলবার রাতের ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ১-১ গোলে সমতা করেছে ঘানা। দুই লেগ মিলিয়েও প্লে অফে ১-১ ব্যবধানে সমতা হয়েছে। তারপরও বিশ্বকাপের নিয়মিত দল নাইজেরিয়া বাদ পড়ে গেছে। জায়গা নিশ্চিত করেছে ঘানা। কারণ অ্যাওয়ে গোলের সুবিধা পেয়েছে তারা।
সেনেগাল-মিশর: প্লে অফের প্রথম লেগে ঘরের মাঠে জয় পেয়েছিল মোহামেদ সালাহর মিশর। দ্বিতীয় লেগে ঘরের মাঠে জয় পেয়েছে সাদিও মানের সেনেগাল। দুই লেগ মিলিয়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল হয়নি। পরে টাইব্রেকারে সালাহরা বিদায় হয়ে গেছেন।

পর্তুগাল-নর্থ মেসিডোনিয়া: ইতালিকে হারিয়ে ইউরোপ অঞ্চলের প্লে অফের ফাইনালে উঠেছিল নর্থ মেসিডোনিয়া। অন্যদিকে তুর্কিকে হারিয়ে এসেছিল পর্তুগাল। ফাইনাল লড়াইয়ে ২-০ গোলে জয় তুলে নিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে রোনালদোর পর্তুগাল।
পোল্যান্ড-সুইডেন: ইউরোপ অঞ্চলের অন্য প্লে অফে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে রবার্ট লেভানডভস্কির পোল্যান্ড।

মরক্কো-কঙ্গো: প্লে অফে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আশরাফ হাকিমিদের মরক্কো।

তিউনেশিয়া-মালি: কাতার বিশ্বকাপের টিকিট কাটতে ঘাম ঝরাতে হয়েছে তিউনিশিয়ার। প্রথম লেগে মালির বিপক্ষে গোল শূন্য সমতা। দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তিউনেশিয়া।
ক্যামেরুন-আলজেরিয়া: প্রথম লেগে ক্যামেরুনের মাঠে গিয়ে ১-০ গোলে জিতেছিল আলজেরিয়া। তাদের তাই বিশ্বকাপে যাওয়ার সুযোগ ছিল ভালো। তবে দ্বিতীয় লেগে ক্যামেরুন দুই অ্যাওয়ে গোল দিয়ে ২-২ গোলের সমতা করেও বিশ্বকাপ নিশ্চিত করেছে।

বিশ্বকাপ নিশ্চিত হয়েছে যে ২৭ দেশের: কাতার, জার্মানি, ডেনমার্ক, ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, ইকুয়েডর, উরুগুয়ে, কানাডা, ঘানা, সেনেগাল, পর্তুগাল, পোল্যান্ড, মরক্কো, তিউনেশিয়া, ক্যামেরুন।
