ভারতের ব্যাটিংয়ের উত্তর জানা নেই কিউইদের
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৭:১৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ০৭:২৯
অকল্যান্ডে প্রথম ম্যাচে দুইশ' ছাড়ানো রান তুলেও ভারতের কাছে পাত্তা পায়নি স্বাগতিক নিউজিল্যান্ড। কেএল রাহুল এবং শ্রেয়াস আয়ারের ঝড়ে উড়ে যায় তারা। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও কোহলিদের সামনে দাঁড়াতে পারেনি কিউইরা। ছোট সংগ্রহ করে হেরেছে ৭ উইকেটে।
এ ম্যাচেও ভারতের হয়ে বড় ইনিংস খেলেছেন লোকেশ রাহুল এবং শ্রেয়াস আয়ার। তাদের সামনে নিউজিল্যান্ডের টিম সাউদি, হাশিম ব্যানেট কিংবা মিশেল সাটনাররা সুবিধা করতে পারেননি।
রোববার অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজা এবং পেসার জাসপ্রিত বুমরাহদের তোপে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে তারা। দলের হয়ে মার্টিন গাপটিল এবং টিম শেফার্ট সর্বোচ্চ ৩৩ করে রান করেন। এছাড়া মুনরোর ব্যাট থেকে আসে ২৬ রান।
জবাব দিতে নামা ভারত এ ম্যাচেও শুরুতে ওপেনার রোহিত শর্মাকে হারায়। তিনে নামা বিরাট কোহলিও রান করতে পারেননি। কিন্তু চারে নামা শ্রেয়াস আয়ারকে নিয়ে ওপেনার কেএল রাহুল দারুণ জুটি গড়েন। দু'জনে যোগ করেন ৮৬ রান। রাহুল ৫০ বলে ৫৭ রানের হার না মানা ইনিংস খেলেন। দুটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি। শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে ৩৩ বলে ৪৪ রান আসে। তিনি তিনটি ছক্কার সঙ্গে চার মারেন একটি।
ভারত ১৫ বল হাতে থাকতে সহজেই বড় জয় তুলে নেয়। ভারতের হয়ে জাদেজা ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। বুমরাহ ৪ ওভারে ২১ রান খরচা করে একটি উইকেট তুলে নেন। শিভাম দু্বে এবং শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন। মোহাম্মদ শামি উইকেট না পেলেও ৪ ওভারে দেন ২২ রান। কিউইদের হয়ে টিম সাউদি দুটি এবং ইশ শোধি দুটি উইকেট নেন।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- ভারত-নিউজিল্যান্ড-২০২০
- টি-২০
