ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাত সুপার ওভারের ছয়টিতেই হার কিউইদের

সাত সুপার ওভারের ছয়টিতেই হার কিউইদের
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৩:৫০

সুপার ওভারে নিউজিল্যান্ডের ভাগ্যের চাকা ঘুরতে বসেছিল। কিন্তু রোহিত শর্মা শেষ দুই বলে ছক্কা মেরে ম্যাচের সঙ্গে সিরিজ জয় নিশ্চিত করেন ভারতের। আর কিউইরা অব্যাহত রাখেন সুপার ওভারে হারের ধারা।

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের তাই সুপার ওভার নিয়ে সহজ স্বীকারোক্তি, ‘সুপার ওভারে আগেও হেরেছি। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচেও সুপার ওভারেই হারলাম। সুপার ওভারের সঙ্গে আমাদের বন্ধুত্ব আর হলো না। এবার থেকে আমাদের সুপার ওভারের আগেই যা করার করতে হবে।’

ইংল্যান্ড বিশ্বকাপে সুপার ওভারে হারের ক্ষত এখনও শুকায়নি। এবার আবার ঘরের মাঠে সুপার ওভারে ম্যাচ হারল তারা। পরিসংখ্যান অনুযায়ী, সাতটি সুপার ওভারে নেমে ব্লাক ক্যাপসরা ছয়টিতেই হেরেছে। জয় মোটে একটি।

জুলাই ২০১৯, বিশ্বকাপ ফাইনাল

নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড আট উইকেটে ২৪১ রান তোলে। ইংল্যান্ডও থামে ২৪১ রানে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও ম্যাচ টাই হয়। শেষ পর্যন্ত বেশি সংখ্যক বাউন্ডারি মারায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

ডিসেম্বর ২০০৮, ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড

টি-২০ ফরম্যাটে অকল্যান্ডে নিউজিল্যান্ড সাত উইকেটে ১৫৫ রান করে। ওয়েস্ট ইন্ডিজও নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৫ রান করে। এরপর সুপার ওভারে ক্যারিবিয়ানরা করে এক উইকেটে ২৫ রান। নিউজিল্যান্ড ২ উইকেটে ১৫ রান করায় ম্যাচ হেরে যায়।

ফেব্রুয়ারি ২০০৮, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

২০ ওভারে নিউজিল্যান্ড সেবার ছয় উইকেটে ২১৪ রান করে। আর অজিরা চার উইকেটে করে সমান ২১৪ রান। সুপার ওভারে কিউইরা তোলে ৯ রান। অজিরা এক উইকেটে করে ৬ রান। জয় পায় কিউইরা।

সেপ্টেম্বর ২০১২, টি-২০ বিশ্বকাপ, শ্রীলংকা-নিউজিল্যান্ড

কিউইরা ২০ ওভারে করে সাত উইকেটে ১৭৪ রান। শ্রীলংকা ছয় উইকেটে করে ১৭৪। সুপার ওভারে শ্রীলংকা এক উইকেটে ১৩ রান তোলে। নিউজিল্যান্ড ৭ রান তুলে ম্যাচ হারে।

অক্টোবর ২০১২, টি-২০ বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ ১৯.৩ ওভারে ১৩৯ রানে অল আউট হয়। নিউজিল্যান্ড ২০ ওভারে সাত উইকেটে করে ১৩৯। সুপার ওভারে ক্যারিবিয়ানরা ১৯ রান করে। কিউইরা বিনা উইকেটে ১৭ রান করে ম্যাচ হারে।

নভেম্বর ২০১১, ইংল্যান্ড-নিউজিল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১ ওভারে কিউইরা ১৪৬ রান করে। ইংল্যান্ড করে সাত উইকেটে ১৪৬। সুপার ওভারে ইংল্যান্ড তোলে ১৭ রান। নিউজিল্যান্ড এক উইকেটে ৮ রান করে ম্যাচ হারে।

জানুয়ারি ২০২০, ভারত-নিউজিল্যান্ড

ভারত ২০ ওভারে করে ১৭৯ রান। কিউইরা ছয় উইকেটে ঠিক ১৭৯। সুপার ওভারে নিউজিল্যান্ড করে ১৭ রান করে। ভারত বিনা উইকেটে ২০ রান করে ম্যাচ জিতে নেয়।

আরও পড়ুন

×