প্রোটিয়াদের বিপক্ষে ঝলমলে ইনিংস যুবা তামিমের
ছবি: ফেসবুক থেকে নেওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৪:২৮ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ | ০৪:৩৫
বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের সঙ্গে বেশি কিছু মিল আছে যুবা ক্রিকেট দলের তানজিদ তামিমের। বাঁ-হাতে ব্যাট করেন তিনি। তরুণ বয়সের তামিমের মতো শট খেলতে পছন্দ করেন। খেলেনও ওপেনার হিসেবে। তামিমের জার্সি নম্বর ২৯, তানজিদ তামিমের পিঠে খেলা ১৯।
যুবা বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নামও তামিম। সুপার লিগ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দারুণ এক ইনিংস খেলেছেন এই যুবা ক্রিকেটার।
তার ব্যাট থেকে বেরিয়েছে ৮৪ বলে ৮০ রানের দারুণ এক ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে পারভেজ ইমন এবং তানজিদ তামিম ভালো শুরু করেন। দু’জনে যোগ করেন ৬০ রান। পারভেজ ইমন ফিরে যান ১৭ রান করে। এরপর মাহমুদুর রহমান জয় রান আউটে কাটা পড়েন ৩ রানে।
তবে এক প্রান্তে অবিচল থেকে দারুণ সব শট খেলে দলের রানের চাকা সচল রাখেন তানজিদ তামিম। তৌহিদ হৃদয়ের সঙ্গে গড়েন জুটি। কিন্তু সেই জুটি বড় হওয়ার আগেই বিদায় নেন তামিম। তিনি ১২টি দারুণ চারের শট খেলেন। হৃদয়ের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন।
এই প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে। তৌহিদ হৃদয় এবং শাহাদাত হোসাইন ক্রিজে আছেন। হৃদয় ২৩ রানে ব্যাট করছেন।
