‘হৃদয়ে রাখব’ বিদায়ী বার্তায় ফার্নান্দেজ
ছবি: মেইল অনলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৭:৩৫
ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদলের বাজারে আলোচিত নাম ছিলেন ব্রুনো ফার্নান্দেজ। দলবদলের বাজার শুরু থেকেই তার ম্যানইউতে যাওয়ার গুঞ্জন। কিন্তু পর্তুগিজ তারকার দলবদল চূড়ান্ত রূপ পাচ্ছিল না। বাজার ভাঙার শেষ সময়ে এসে স্পোর্টিং লিসবনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
পর্তুগিজ ক্লাব থেকে রেডসরা ৫৫ মিলিয়ন ইউরোতে দলে ভিয়েয়েছে এই মিডফিল্ডারকে। চুক্তিতে আছে আরও কিছু স্বত্ব। যে কারণে ম্যানইউয়ের ৮০ মিলিয়ন ইউরো খরচ পড়ে যেতে পারে শেষ পর্যন্ত।
শুক্রবার ইউরোপিয়ান লিগের শীতকালীন দলবদলের সময় শেষ হচ্ছে। শেষ সময়ে ২৫ বছর বয়সী এই তারকার ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটিতে খেলার আশা পূরণ হচ্ছে। কিন্তু নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে নিজ দেশ ছাড়তে হওয়ায় আবেগ তাড়িত ব্রুনো ফার্নান্দেজ। ক্লাব, সতীর্থ এবং দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তাই কেঁদেই ফেললেন তিনি।
পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা এই তারকা বলেন, ‘ক্যারিয়ারে ভালো-খারাপ দিক ছিল। আমি আশা করবো স্পোর্টিংয়ের দর্শক আমাকে ভালোর জন্য মনে রাখবে। আমি এবং আমার পরিবার এখানে খুবই ভালো সমাদর পেয়েছি। অনেকের সহায়তা পেয়েছি। যা কখনও ভুলে যাওয়ার নয়।’
তিনি স্পোর্টিংয়ের উদ্দেশ্যে বলেন. ‘আশা করবো আপনারা আমাকে ভুলবেন না। আমিও ক্লাবকে আমার হৃদয়ে রাখবো।’ স্পোর্টিং ব্রুনো ফার্নান্দেজকে বিদায় দিয়ে তাদের টুইট করেছে, ‘কেউ গ্রেট হয়ে জন্মাম। কেউ এটা অর্জন করে। আর কেউ কেউ গ্রেট হওয়ার পিপাসা অনুভব করে তাদের পথ অনুসরণ করে।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। মাঝমাঠের শক্তি বাড়াতে তারা তাই ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে। ম্যানইউ কোচ সোলসকায়ের এ নিয়ে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করতে পেরেছি। তার সঙ্গে চুক্তি বিষয়ে স্পোর্টিংয়ের সঙ্গে ভালো একটা সমঝোতা হয়েছে।’
- বিষয় :
- খেলা
- ফুটবল
- ব্রুনো ফার্নান্দেজ
- স্পোর্টিং-ম্যানইউ
