ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাকিবকে অনুসরণ করেন রাকিবুল

সাকিবকে অনুসরণ করেন রাকিবুল
×

ছবি: ফেসবুক থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০২:৪০

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রাকিবুল হাসান। গ্রুপ পর্বের ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। এরপর কোয়ার্টার ফাইনালে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। দলকে সেমিতে তোলেন তার বাঁ-হাতের খেল দেখিয়ে।

সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। ওই ম্যাচেও বোলিং আক্রমণে বাংলাদেশের অন্যতম ভরসার নাম হবেন রাকিবুল হাসান। তরুণ এই অফ স্পিনার বলেন, তার কোন রোল মডেল নেই। তবে তিনি বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে অনুসরণ করেন।

ময়মনসিংহের এই বাঁ-হাতি অর্থডক্স স্পিনার বলেন, 'সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি। আমি কাউকে ওভাবে নিজের রোল মডেল হিসেবে দেখি না। তবে সাকিবকে অনুসরণ করি। মাঠে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনোভাব বোঝার চেষ্টা করি। উইকেট বুঝে বল করার চেষ্টা করি। হতে পারে এটাই আমার সাফল্যের কারণ। এছাড়া গেল এক বছর আমি অনেক পরিশ্রমও করেছি।'

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাকিবুল তার সাফল্য পাওয়ার গোপন রহস্যও উন্মোচন করেন। তার মতে, এই উইকেটে আগে যে ম্যাচটা হয়েছে সেটা মনোযোগ দিয়ে দেখেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে উইকেট স্লো হতে দেখেছেন রাকিবুল। তিনি তাই চেষ্টা করেছেন বলের গতির হেরফের করিয়ে ব্যাটসম্যানদের বোকা বানাতে। দারুণভাবে কাজটা করতেও পেরেছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হলেও দক্ষিণ আফ্রিকায় রাকিবুলরা নিজেদের পক্ষে দর্শক পেয়েছেন। বেশ বিছু দর্শক তাদের উৎসাহ দিয়েছেন। রাকিবুল এ নিয়ে বলেন, 'দেখেন, দর্শক সবসময়ই আলাদা আত্মবিশ্বাস দেয়। আমরা দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাঠে হারিয়েছি। এখানে দর্শকদের সমর্থন আমাদের বেশ কাজে দিয়েছে। তাদের উল্লাস এই ম্যাচে প্রভাব ফেলেছে বলে আমি মনে করি।'

আরও পড়ুন

×