ভারত-নিউজিল্যান্ড সিরিজে যত রেকর্ড
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৫৫
অভাগা বলতে হবে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। দুইশ' রান করেও ভারতের বিপক্ষে জিততে পারেনি তারা। জয় পায়নি দুটি সুপার ওভার ম্যাচেও। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও হারিয়েছে জয়ের সুযোগ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে হয়েছে ধবলধোলাই। তবে সিরিজের প্রায় প্রত্যেকটি ম্যাচই হয়েছে জমজমাট। হয়েছে বেশ কিছু রেকর্ডও।
অ্যাওয়ে সিরিজে ভারত তৃতীয়বার প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে। ২০১৫-১৬ মৌসুমে অস্ট্রেলিয়াকে প্রথম ৩-০ ব্যবধানে সিরিজ হারায় ভারত। এরপর গেল বছর ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র সফর মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে ভারত। এবার কিউইদের বিরাট কোহলির দল উড়িয়ে দিল ৫-০ ব্যবধানে।
অধিনায়ক হিসেবে ১৫ টি-২০ সিরিজ শেষে এটি বিরাট কোহলির রেকর্ড দশম সিরিজ জয়। এর আগে ফ্যাফ ডু প্লেসিস নয়টি, ইয়ন মরগান সাতটি। ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ছয়টি এবং এমএস ধোনি পাঁচটি সিরিজ জিতেছেন সমান সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের দশম ওভারে ৩৪ রান হজম করেন ভারতের পেস অলরাউন্ডার শিভাম দুবে। টি-২০ ক্রিকেটে এটি এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। ২০০৭ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের কাছে এক ওভারে ছয় ছক্কা খেয়ে ৩৬ রান দেন স্টুয়ার্ট ব্রড। ওয়েন পারনেলের এক ওভারে ৩২, আফগানিস্তান ও জার্মানি জাতীয় দলের হয়ে খেলা ইজ্জতুল্লাহ দৌলতজায় ২০১২ তে ইংল্যান্ডের বিপক্ষে খান ৩২ রান। এছাড়া স্টুয়ার্ট বিন্নি এবং ম্যাক্স ও'ডাউনের এক ওভারে ৩২ রান খাওয়ার রেকর্ড আছে।
ঘরের মাঠে সবচেয়ে বেশি টি-২০ ম্যাচ হারার দিক থেকে নিউজিল্যান্ড এতোদিন বাংলাদেশের পাশে ছিল। এবার তারা বাংলাদেশকে ছাড়িয়ে ঘরের মাঠে বেশি ম্যাচ হারার রেকর্ড গড়ল। নিউজিল্যান্ড ঘরের মাঠে ৫৯ ম্যাচের মধ্যে ২৩ টিতে হেরেছে। শ্রীলংকা ঘরের মাঠে ৪০ ম্যাচের মধ্যে হেরেছে ২৩টিতে। আর বাংলাদেশ (৩৭ম্যাচে) এবং দক্ষিণ আফ্রিকা (৫৭ ম্যাচে) ঘরের মাঠে হেরেছে ২২টি করে টি-২০ ম্যাচ। জিম্বাবুয়ে ২৪ ম্যাচের ২১টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ ৪৩ ম্যাচের মধ্যে ২০ ম্যাচে হেরেছে।
