ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

'পিন্ডি টেস্টে ওপেনিংয়ে সাইফ, চারে মুমিনুল'

'পিন্ডি টেস্টে ওপেনিংয়ে সাইফ, চারে মুমিনুল'
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:১৫

পাকিস্তানে দ্বিতীয় দফায় একমাত্র টেস্টের ১৪ সদস্যের দল দেখেই আঁচ করা গেছে কারা খেলবেন।  সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সেটা আরও পরিষ্কার করে দিলেন। জানিয়ে দিলেন ব্যাটিং অর্ডার কেমন হবে। পিন্ডি টেস্টে বাংলাদেশ দলের চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে ক্রিকেটারদের সেভাবেই প্রস্তুতি নিতে বললেন কোচ। 

সংবাদ মাধ্যমকে রাসেল ডমিঙ্গো বলেন, 'দলে মুশফিকুর রহিম নেই। এই পরিস্থিতিতে মুমিনুল হক ব্যাটিং অর্ডারে চারে নেমে যাবে। আমরা তামিম এবং সাইফকে দিয়ে ওপেন করানোর কথা ভাবছি। আমি সম্ভবত নাজমুল শান্তকে তিনের জন্য বিবেচনা করবো।' এছাড়া মোহাম্মদ মিঠুন  পাকিস্তান সফরের দলে থাকবেন সেই ইঙ্গিতও দিলেন রাসেল ডমিঙ্গো, 'মোহাম্মদ মিঠুন পাঁচে এবং মাহমুদুল্লাহ ব্যাট করবে ছয়ে।  উইকেটরক্ষক লিটন দাসকে সাতের বিবেচনায় রাখবো।'

বাংলাদেশের দলে থাকা সব ব্যাটসম্যানই ঘরোয়া লিগে রান পেয়েছেন। কিন্তু বাংলাদেশ কোচ মনে করেন, রান পাওয়ার পরও চাপটা থাকবে পাকিস্তানের পেস সহায়ক উইকেটে ভালো খেলার। তার মতে, 'বাংলাদেশের উইকেট স্পিন সহায়ক। কিন্তু রাওয়ালপিন্ডির উইকেট পেস সহায়ক হবে এবং বাউন্স থাকবে বেশি। আমি নিশ্চিত ব্যাটসম্যানদের সেখানে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।'

তবে ঘরোয়া ক্রিকেটে রান পাওয়া অবশ্যই ভালো  বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার এই কোচ।  তামিমের ট্রিপল সেঞ্চুরি পুরো দলকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন তিনি। ডমিঙ্গো বলেন, 'তামিম ট্রিপল সেঞ্চুরি পেয়েছে। এটা দারুণ ব্যাপার। সচরাচর ট্রিপল সেঞ্চুরি দেখা যায় না। মুমিনুল-মাহমুদুল্লাহ সেঞ্চুরি পেয়েছেন। মোহাম্মদ মিঠুন ৬০ রানের (৮৩ রানে আউট) বেশি রান করেছে। তারা ভালো ফর্মে আছে। ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।'

বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে তিন টেস্টেই হার দেখেছেন রাসেল ডমিঙ্গো। আফগানিস্তানের পরে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তার মাথায় তাই পাকিস্তানে টেস্টে ভালো করার চাপ। ডমিঙ্গো বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে টেস্টে বেশি ফোকাস দেওয়ার কথা বলেছিলেন। তার মতে, টেস্টে ভালো করলে দল এমনিতে অন্য ফরম্যাটে ভালো ক্রিকেট খেলতে শিখে যায়। পাকিস্তান সফরেও কোচকে দিতে হবে বড় পরীক্ষা। 

তবে পাকিস্তানকে হারাতে খারাপ দিনের অপেক্ষার কথা বললেন কোচ। সঙ্গে নিজেদের সেরাটা খেলতে হবে বলে জানালেন। পাকিস্তানের পরে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে। ওই টেস্টেও এই দলের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দিকে জোর দিলেন রাসেল ডমিঙ্গো। তবে মুশফিকের পরের সিরিজে ফেরার সব সম্ভাবনা আছে বলেও উল্লেখ করেন তিনি। যদিও তার বিচারে, দলে বারবার বদল আনা ঠিক না। নির্বাচকদেরও এক্ষেত্রে ধারাবাহিক হওয়ার কথা বলেন তিনি। 

আরও পড়ুন

×