ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

মেসি-আবিদাল দ্বন্দ্বে ঘি ঢালছে ম্যানসিটি

মেসি-আবিদাল দ্বন্দ্বে ঘি ঢালছে ম্যানসিটি
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:২৯

খেলার মাঠে বল দখল নিয়ে হয়তো ঠুকাঠুকি হয়েছে মেসির। কিন্তু বার্সার কারো সঙ্গে এতটা আগ্রাসী লিওকে খুব কমই দেখা গেছে। কিন্তু এবার ঘরের মানুষ এরিক আবিদালের ওপর রেগে গেছেন মেসি।  আবিদাল বার্সা ফুটবলারদের খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর আবিদালদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন মেসি। দু'জনের কথার লড়াইয়ে ঘি ঢেলেছে ম্যানসিটি। আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে মেসিকে প্রিমিয়ার লিগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা।

সংবাদ মাধ্যম গোল এমনই গুঞ্জনের কথা জানিয়েছে। বার্সার সঙ্গে মেসির চুক্তিতে আছে একটি বিশেষ শর্ত। মেসি যদি মনে করেন এই মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়বেন, তবে ফ্রিতে সেটি সম্ভব। তার সঙ্গে বার্সার চুক্তি ২০২১ সাল পর্যন্ত। ম্যানসিটি মনে করছে, মেসি যদি অন্য কোন ক্লাবে খেলে সেটি হবে পেপ গার্দিওয়ালার অধীনে ম্যানসিটিতেই। মেসিকে বছরে ৫০ মিলিয়ন পাউন্ড বেতন দেওয়ারও ক্ষমতা রাখে তারা।

বার্সায় আবিদালের অবস্থান আগেই নড়ে গেছে। নেইমারকে আবার বার্সায় ফিরিয়ে আনতে না পারা। কোচ হিসেবে জাভিকে আনতে না পারায় তার কাজ নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ তাদের মধ্যে চলমান সংকট থামাতে এগিয়ে এসেছেন। বুধবারই আবিদালের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি।

তবে মেসির দিকে আবিদালের আঙুল তুলে কথা বলাকে মোটেও সহজভাবে নেয়নি বার্সা কর্তৃপক্ষ। আবিদাল স্প্যানিশ মাধ্যম 'স্পোর্ত'কে এক একান্ত সাক্ষাৎকারে বলেন, ভালভার্দের অধীনে খেলোয়াড়রা স্বস্তিতে ছিল না। দলে অভ্যন্তরীণ কোন্দল ছিল। কয়েকজন খেলোয়াড় ঠিকমতো পরিশ্রম করত না, ফাঁকি দিত। আমি কাছ থেকে দেখেছি তারা কীভাবে খেলেছে।'

আবিদালের এমন মন্তব্য ভালোভাবে নেননি বার্সা দলনেতা মেসি। তাৎক্ষণিক ওই সাক্ষাৎকারের স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, 'আমি আবিদালের মন্তব্যের সঙ্গে একমত নই। প্রত্যেককেই তার কাজের দায়ভার নেওয়া উচিত। খেলোয়াড়রা যেমন তেমনি স্পোর্টিং বিভাগের প্রধানরাও। আমরা মাঠে খারাপ করলে মাথা নত করব। তারা ভুল করলে তার দায়ভার নেবেন।'

বার্সার সঙ্গে মেসির সম্পর্ক খারাপ হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। এর আগে নেইমারকে বার্সায় ফিরিয়ে আনতে না পারায় মেসি আবিদালদের দিকে আঙুল তোলেন। সুয়ারেজের ইনজুরিতে তার বিকল্প একজন স্ট্রাইকার বার্সা জানুয়ারির দলবদলের মৌসুমে আনতে পারেনি। বেশ কিছু অভিজ্ঞ-অনভিজ্ঞ তারকার দিকে চোখ রাখলেও শেষ পর্যন্ত বার্সা ব্যর্থ। ওদিকে সুয়ারেজের পরে চোট কাটিয়ে ফেরা ডেম্বেলে আবার ইনজুরিতে পড়েছেন। তার মৌসুমও শেষ। বার্সার তাই নতুন একজন ফুটবলার অবশ্যই দরকার ছিল। সব মিলিয়ে অস্বস্তিতে আছে বার্সা। মেসিও এর বাইরে নন।

আরও পড়ুন

×