ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ভারতের চোখে চোখ রেখে এগোতে পারবে তো ওরা?

ভারতের চোখে চোখ রেখে এগোতে পারবে তো ওরা?
×

ছবি: ইএসপিএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:২৪

মনের মধ্যে যুবাদের আগুন জ্বলছিল দীর্ঘদিন। ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হার আগুনটা জ্বেলে দিয়েছিল তানজিদ তামিম-শরিফুল ইসলামদের বুকে। যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সেই আগুন উগরে দিয়েছে। ভারতকে পুড়িয়েছে ফাইনালে।

ম্যাচে যেমন জুনিয়র টাইগাররা ভারতের চোখে চোখ রেখে খেলেছে। ম্যাচের শেষেও দু’দল জড়িয়েছে কথার লড়াইয়ে। ছোটদের এই বিশ্বকাপ নিয়ে তাই কথা বলতে হয়েছে বড়দেরও। কপিল দেব-আজহারউদ্দিনরা ম্যাচ শেষে আইসিসির নিয়ম ভাঙায় ক্রিকেটারদের শাস্তি দাবি করেছে।

ছবি: এএফপি

তবে ওই ঘটনা ছাড়িয়ে ফাইনালে বাংলাদেশি যুবাদের আগ্রাসী মনোভাব নজর কেড়েছে পুরো বিশ্বের। ক্রিকেটের বিশ্ব তারকারা তাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে প্রশংসায় ভাসিয়েছে। সঙ্গে টাইগার যুবাদের শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করে ফাইনাল জয়, আগ্রাসী মনোভাব, ম্যাচের উত্তাপ, স্লেজিং ভারতীয় যুবাদের মনে আগুন জ্বালিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না।

পেসার শরিফুল ইসলাম বলেছেন, তারা ভারতের বিপক্ষে এই ফাইনালের অপেক্ষায় ছিলেন। এশিয়া কাপের ফাইনালে হারের সেই আগুন উগরে দেওয়ার অপেক্ষা ছিল তাদের। ভারতের কার্তিক ত্যাগি, রবি বিষ্ণয় কিংবা যশস্বী জয়সালরা এবার তাই অপেক্ষায় থাকবে এই যুবাদের মুখোমুখি হওয়ার। তাদের মনের মধ্যে নিশ্চয় ক্ষোভ জমেছে, আগুন জমেছে। এই আগুন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জেতা দল ছাড়িয়ে জাতীয় দলের মধ্যেও ছড়িয়ে পড়বে না সে কথা জোর দিয়ে কে বলতে পারে। বাংলাদেশ দলের তাই ভারতের চোখে চোখ রেখে খেলার চ্যালেঞ্জই নিতে হবে।

ছবি: এএফপি

বাংলাদেশের ক্রিকেটের বতর্মান কিংবা ভবিষ্যত তারকা যারা হবেন তাদের এই উত্তাপের কথা মাথার রেখে প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিরাট কোহলি এবং বাংলাদেশ পেসার রুবেল হোসেন মুখোমুখি হয়েছিলেন। তারা জাতীয় দলের হয়ে যখনই মুখোমুখি নেমেছেন ছড়িয়েছেন পুরনো সেই উত্তাপ। কখনো রুবল জয়ী হয়েছেন, কখনো বিরাট। কিন্তু ম্যাচ জয়ের হিসেব ধরণে পরাজিত দলে রুবেল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আকবর আলী, তামিম, শরিফুল কিংবা রাকিবুলদের প্রতিভার যদি সঠিক মূল্যায়ন হয়। যদি তারা উন্নতির ধারা ধরে রাখতে পারেন তবে ‘এ’ দল, হাইপারফরম্যান্স দল কিংবা জাতীয় দলের হয়ে ভারতের প্রতিভাবান জয়সাওয়াল, কার্তিক ত্যাগি কিংবা বিষ্ণয়ের মুখোমুখি হবে এটা নিশ্চিত। যুবা ক্রিকেটার তথা ক্রিকেট বোর্ডের ভবিষ্যত ওই আগুনে লড়াইয়ের কথা মাথায় রেখেই নিতে হবে প্রস্তুতি। তৈরি হতে হবে আগামীর জন্য। লড়াইটা না হলে থেকে যাবে একপেশেই। 

আরও পড়ুন

×