ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বাদ পড়ার ভয় নিয়ে খেলতেন শান্ত

বাদ পড়ার ভয় নিয়ে খেলতেন শান্ত
×

দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত ৭৮ রান যোগ করে বাংলাদেশকে একটা ভালো সূচনা এনে দেন - এএফপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২০:৩৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২০:৩৮

ক্রিজে যতক্ষণ ছিলেন নাজমুল হোসেন শান্ত, ধারাভাষ্যকার আতাহার আলী খান তাকে প্রশংসায় ভাসাচ্ছিলেন। এই প্রশংসাবাণীর বিন্দুবিসর্গও শান্তর শোনা হয়নি। তবে যারা টিভিতে খেলা দেখেছেন তারা শ্রবণ-সুখের পাশাপাশি চোখের প্রশান্তিও উপভোগ করেছেন শান্তর ব্যাটে। তার কাছ থেকে তো এমন গোছানো ব্যাটিংই চাওয়া। সেই ২০১৭ সালে যখন টেস্ট অভিষেক হলো তখন কিন্তু এই শান্ত ছিলেন না। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে ক্যারিয়ার শুরুর ভীতির কথা গোপন করলেন না। বাঁহাতি এ ব্যাটসম্যান জানালেন, দল থেকে বাদ পড়ার ভয় নিয়ে খেলতেন ছন্দহীন দিনগুলোতে। তবে এখন খেলেন সাহসী ক্রিকেট।

কোচ রাসেল ডমিঙ্গো জাতীয় দলে ফেরান শান্তকে। টেস্টে প্রত্যাবর্তন করেন এ মাসের শুরুতে পাকিস্তানে। শক্তিশালী বোলিং মোকাবিলা করে ৪৪ ও ৩৮ রান করেন রাওয়ালপিন্ডিতে। দেশে ফিরে বিসিএলে খেলেন ২৫৩ রানের হার না মানা ইনিংস। ঢাকা টেস্টেও ছন্দ ধরে রেখে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। ৭১ রানে টিসুমার বলে অহেতুক খোঁচা না দিলে হয়তো জীবনের প্রথম হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন।

তবে যেটুকু করতে পেরেছেন গতকাল তাতেও তৃপ্ত তিনি, 'অবশ্যই সুযোগ ছিল ইনিংস বড় করার, যেহেতু উইকেট ভালো ছিল। তবে এর পরও আমি মনে করি যে, যতটুকু ব্যাটিং করেছি আউটটা ছাড়া ভালো ছিল। যেভাবে খেলছিলাম, শুরুটা যেভাবে হয়েছিল, তাতে ইনিংস বড় করা উচিত ছিল।'

চতুর্থ ওভারের শেষ বলে সাইফ হাসান আউট হলে তামিমের সঙ্গে জুটি বাঁধেন শান্ত। দু'জন মিলে তোলেন ৭৮ রান। এরপর মুমিনুল হকের সঙ্গে তার জুটি ৭৬ রানের। এই ব্যাটিংয়ের মধ্য দিয়ে একটা বার্তা অবশ্য দিয়ে গেলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। সতীর্থের সহযোগিতা পেলে জুটিতে ভালো সঙ্গীও তিনি। এতটা পরিণত হয়ে ওঠার পেছনের কথা গতকালই প্রকাশ করলেন শান্ত, 'সত্যি কথা বলতে, এর আগে যখন খেলেছি তখন একটা ভয় কাজ করত। মনে হতো যে, খারাপ খেললে বাদ পড়তে পারি। ২০১৭ সালে যখন অভিষেক হয়েছে তখন ছিল এটা। এখন আমি মানসিকভাবে তেমন কিছু চিন্তা করি না। ভালো বা খারাপ খেলি, সেটা আমার অংশ। দলে থাকব কি থাকব না, তা নিয়ে ভাবি না। তবে চেষ্টা করছি নিয়মিত ভালো খেলার।'

তার এই পরিবর্তনের পেছনে কোচিং স্টাফের ভূমিকাও তুলে ধরলেন শান্ত, 'একটা ইতিবাচক দিক হলো আমাদের কোচিং স্টাফ যারা আছেন তারা অনেক বেশি আত্মবিশ্বাস দিচ্ছেন এবং নেতিবাচক চিন্তা করতে বারণ করছেন। উনারা বলছেন, 'তুমি অনেক সুযোগ পাবে, এখন শুধু খেলায় মনোযোগ দাও।'

২১ বছর বয়সী টাইগার ব্যাটসম্যান মনে করেন, মানসিকতায় পরিবর্তন আত্মবিশ্বাসী করেছে তাকে। এর সুফল পেতে শুরু করেছেন ২২ গজে ব্যাট হাতে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের থেকে ২৫ রান পেছনে থেকে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ। শান্ত জানালেন ব্যাটিং নিয়ে ড্রেসিংরুমের পরিকল্পনার কথা, 'মুমিনুল ভাই ও মুশফিক ভাই অনেক ভালো ব্যাটিং করছেন। আমার মনে হয়, উনারা জুটি লম্বা করতে পারলে ভালো কিছু হবে।'

আরও পড়ুন

×