দল গোছানোর ঘণ্টা পড়ল
বিশ্বকাপে বাকি মাত্র এক মাস। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ০২:৪৪
২০ নভেম্বর; ক্রমেই ঘনিয়ে আসছে! যত ঘনিয়ে আসছে, তত বাড়ছে রোমাঞ্চ। এখনও সেভাবে ফোটেনি বিশ্বকাপের আলো। হাতে আছে আরও এক মাস। তাতেই উত্তাপের কমতি নেই। হবেই না কেন! এই যুদ্ধে কারা যাবে, তাঁদের নাম জানার আগ্রহ তো ফুটবলপ্রেমীদের কম নয়। পছন্দের খেলোয়াড় থাকবেন কিনা আবার যাঁরা চোটে তাঁদের থাকা না থাকার বিষয়গুলো পেন্ডুলামের মতো ঝুলে আছে।
এসব কিছুর একটা চূড়ান্ত সমাধানই মিলবে স্কোয়াড দেওয়ার পর। এরই মধ্যে সেই প্রক্রিয়ায় হাত দিল ফিফা। ৩২ দলকে জানিয়ে দেওয়া হয়েছে আজকের মধ্যেই তারা ৩৫ থেকে ৫৫ জনের একটা প্রাথমিক স্কোয়াড জমা দিতে পারবে। যেখানে চারজন গোলকিপার রাখা যাবে। আর প্রাথমিক স্কোয়াড থেকেই পরে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়ার সুযোগ থাকবে দলগুলোর জন্য।
আপাতত প্রাথমিকভাবে জমা দেওয়া স্কোয়াড প্রকাশ করবে না ফিফা। তবে কোনো দল যদি চায় স্কোয়াডটা প্রকাশ করে দিতে তাহলে সেটা তারা পারবে, এই এখতিয়ার ফিফা তাদের দিয়েছে। এদিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ঠাসা সূচির জের টানতে হবে ১৩ নভেম্বর। এরপর আর কোনো ম্যাচ মাঠে গড়াবে না। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এরই মধ্যে চিঠি দিয়ে দলগুলোকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ ১৩ নভেম্বর রোববারই হবে ঘরোয়া লিগগুলোর শেষ ম্যাচ ডে। এরপর যাঁরা কাতার বিশ্বকাপে খেলবেন তাঁদের ছাড়পত্র দিতে হবে ওই ক্লাবগুলোকে।
চূড়ান্ত স্কোয়াড দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত দিয়ে দিয়েছে ফিফা। আজ যে প্রাথমিক স্কোয়াড ফিফার টেবিলে যাবে সেখান থেকেই যোগ-বিয়োগ করে দলগুলো ২৬ জনের ফাইনাল স্কোয়াড তৈরি করবে। আর তৈরি করা ওই ২৬ জনের স্কোয়াড ফিফার কাছে জমা দেওয়ার শেষ দিন ১৪ নভেম্বর। তাঁর একদিন পর ১৫ নভেম্বর ফিফা সব দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দেবে।
এদিকে কেউ যদি চূড়ান্ত স্কোয়াড থেকে কাউকে বদলি করতে চায় সেক্ষেত্রেও একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। কারও ইনজুরি সমস্যা বা করোনা পজিটিভ হলেই ওই খেলোয়াড়কে বদলি করে অন্য কাউকে চূড়ান্ত স্কোয়াডে আনার অনুমতি পাবে দলটি। তার জন্য দলটির প্রথম ম্যাচের আগের ২৪ ঘণ্টার মধ্যে ফিফার কাছে বদলি খেলোয়াড়ের নাম পাঠাতে হবে। এরপর কোনো মতেই বদলি গ্রহণযোগ্য হবে না।
এর মধ্যে গতকাল দর্শকনন্দিত দল আর্জেন্টিনার একটা ৩৫ জনের স্কোয়াড ফাঁস হয়। টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে সেই স্কোয়াডের কথা জানিয়েছে, যেখানে আকাশি-সাদাদের জন্য সুখবর- চোটে পড়া ডি মারিয়া, পাওলো দিবালা আছেন ৩৫ জনের মধ্যে। এ ছাড়া লিওনেল মেসির নেতৃত্বে অনুমিতভাবে গোলপোস্টের সেনানি হিসেবে সবার ওপরের নামটি ইমিলিয়ানো মার্টিনেজের।
তাঁর ব্যাকআপ হিসেবে আছেন রিভার প্লেটের গোলকিপার ফ্রাঙ্কো আরমানি, আতালান্তার হুয়ান মোসো ও ভিয়ারিয়ালের রুলি। মাঝমাঠে পরিচিত মুখ। ডিফেন্স লাইনে লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি ও ক্রিশ্চিয়ান রোমেরোদের মতো তারকা তো আছেনই। এ ছাড়া ব্রাজিল দলের সম্ভাব্য স্কোয়াড নিয়ে শোনা যাচ্ছে ফিসফাস। নেইমার, জেসুস, রদ্রিগোদের সঙ্গে দেখা যাবে ক্যাসেমিরো-মিলিতাওদের।
