ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মরক্কোর জয়ে গর্বিত ওজিল, ‘আধুনিক ফুটবলে এমন রূপকথা সম্ভব!’

মরক্কোর জয়ে গর্বিত ওজিল, ‘আধুনিক ফুটবলে এমন রূপকথা সম্ভব!’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ০৯:৪৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ০৯:৪৯

রূপকথা বিশ্ব ফুটবল দেখেনি তা নয়। উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। কিন্তু আধুনিক ফুটবলের যুগে তারা ফেবারিট তকমাও পায় না। ইউরোপের বড় বড় দলকে অবাক করে গ্রিস ২০০৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে। সেটাও ২০ বছর হতে চললো।

ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের কথাও ধরা যায়। আয়াক্স চারটি চ্যাম্পিয়ন্স লিগ (পূর্বের নাম ইউরোপিয়ান লিগ, যা জিতেছে তিনটি) জিতেছে। যার সর্বশেষটা এসেছে ১৯৯৫ সালে। পোর্তর নামে দুটি চ্যাম্পিয়ন্স লিগ আছে। সর্বশেষটা ২০০৪ সালে। 

অর্থাৎ ফুটবল যত আধুনিক হয়েছে ছোট ও বড় দলের পার্থক্য প্রকট হয়েছে। ওই পার্থক্যের কাছে ল্যাতিন ফুটবল পর্যন্ত ধরা খেয়ে যাচ্ছে। ব্রাজিলের মতো দল ২০০২ বিশ্বকাপের পরে সেমিফাইনাল খেলেছে মাত্র একবার। আর্জেন্টিনা ১৯৮৬ সালের পরে তৃতীয়’র খোঁজে। সেখানে মরক্কো উঠে গেছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। 

আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে। প্রথম আরব তথা মুসলিম দেশ হিসেবে শেষ চারে খেলবে তারা। মুসলিম দেশ মরক্কোর এই অর্জনে গর্বিত সাবেক জার্মানির ফুটবলার মেসুত ওজিল। বিশ্বকাপ জয়ী কিংবদন্তি এই মিডফিল্ডারের কাছে বিষয়টি আধুনিক ফুটবলের যুগে রূপকথা মনে হয়েছে।  

টুইট করে ওজিল লিখেছেন, ‘গর্বিত (হাত তুলে মোনাজাতের ইমোজি)। কী দল এটা! আফ্রিকা মহাদেশ ও মুসলিম বিশ্বের জন্য অসাধারণ অর্জন এটি। আধুনিক ফুটবলের যুগে এখনও এমন রূপকথার গল্প লেখা সম্ভব, এটি দেখা সত্যিই দারুণ ব্যাপার! এই জয় অনেক মানুষকে এগিয়ে যাওয়ার আশা দেবে, শক্তি দেবে।’

আরও পড়ুন

×