‘দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ঠিক হবে না’
ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০১:৫০
যেতে যেতে মাশরাফি বললেন, সিরিজটা তিন-শূন্যতে জেতায় ভালো হয়েছে। কোনো একটায় স্লিপ করলেই মজাটা নষ্ট হয়ে যেত। ক্রিকেট নিয়ে মাশরাফির আবেগ বরাবরই একটু বেশি। এই মঞ্চ ছেড়ে যাওয়া তার জন্য সহজ ছিল না। তবুও তাকে যেতে হলো অধিনায়কের পদ থেকে। দেশের ক্রিকেটে আজ থেকে তিনি সাবেক অধিনায়ক। নেতৃত্ব ছাড়লেও জাতীয় দলের জার্সিতে আরও কিছুদিন খেলে যেতে চান নড়াইল এপপ্রেস।
দেশের স্বার্থেই আরও কিছুদিন প্রয়োজন তাকে। দলে থাকলে অধিনায়ক না থেকেও ছায়া অধিনায়ক হয়ে দিকনির্দেশনা দিতে পারবেন সতীর্থদের। তাতে নতুন অধিনায়কের অধীনে ভালোভাবে তৈরি হতে পারবে দল। শুক্রবার অধিনায়কের শেষ সংবাদ সম্মেলনের মঞ্চে বসে যেমন একটা দিকনির্দেশনা দিয়ে গেলেন, এই দল নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করা ঠিক হবে না।
জাতীয় দলের নতুন কোচিং স্টাফ দায়িত্ব নিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেও স্কোয়াড এবং একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। বড় দলের বিপক্ষে এভাবে চলতে থাকলে দল হিসেবে শক্তিশালী ভিত তৈরি করতে পারবে না।
সে বার্তাই কোচ রাসেল ডমিঙ্গোর জন্য দিলেন নড়াইল এপপ্রেস, 'আমরা একটা জায়গায় পৌঁছে গেছি। এখান থেকে আরও ওপরে যেতে হবে। আমি আশা করি, ২০২৩ সালের বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলতে পারব। কারণ এখন যারা তরুণ আগামী তিন বছরে অনেক অভিজ্ঞতা হবে তাদের। আমি বলব, এই দলকে নিয়ে তাই বেশি পরীক্ষা-নিরীক্ষা করা ঠিক হবে না।'
মাশরাফির নেতৃত্বে ৫০টি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। সামনে ধারাবাহিকতা রাখতে খেলোয়াড়দের একাগ্রতা দেখানোর আহ্বান জানান তিনি। তামিম, লিটন, মুশফিকদের খেলায় প্রভাব ফেলে এমন কিছু যেন না করা হয়।
অধিনায়ক হিসেবে যেমন সফল, তেমনি বোলার মাশরাফিও। অধিনায়কের মতো বোলার মাশরাফির বিদায়ও মাঠ থেকে দেখতে চায় দর্শক। যদিও খেলোয়াড় মাশরাফি ভাবছেন অন্যভাবে, 'আশা আছে মাঠ থেকে বিদায় নেওয়ার। তবে মাঠ থেকে বিদায় নিলে কী হয়। শচীন টেন্ডুলকারও তো বিদায় নিয়েছেন মাঠ থেকে, এতে তার এমন কী হয়েছে। বিদায় তো বিদায়ই। মাঠ থেকে নিলেও যা, নীরবে গেলেও তা।'
এই যে পুরস্কারের মঞ্চ, সংবাদ সম্মেলনে সম্মান পাওয়া, মাঠে দর্শকের স্লোগান- মাশরাফি জানালেন এর সবাই উপভোগ করেন তিনি। ক্রিকেট ছেড়ে দেওয়ার ভাবনা তাকে যেন কাঁদায়। তাই তো বিদায়ের কথা আড়াল করতে প্রাণান্ত চেষ্টা তার।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- মাশরাফি
- নেতৃত্বের শেষ
- বাংলাদেশ
