ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিকো পাজ: রিয়ালের তরুণকে নিয়ে স্পেন-আর্জেন্টিনার লড়াই

নিকো পাজ: রিয়ালের তরুণকে নিয়ে স্পেন-আর্জেন্টিনার লড়াই
×

রিয়ার একাডেমির আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৫:২২ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৫:২২

প্রতিভাবান আর্জেন্টাইন তরুণদের নিয়ে লম্বা একটা তালিকা করা সম্ভব। ২১ বছরের এনজো ফার্নান্দেজ এরই মধ্যে বিশ্বকাপ জিতেছেন। বেনফিকা ছেড়ে চেলসি আসতে চাওয়ায় এনজোর জায়গায় তরুণ আর্জেন্টাইন কার্লোস আলকারেজকে নিয়ে ভাবছে পর্তুগিজ ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন তরুণ লেফট উইঙ্গার গারনাচো। 

তরুণ ভ্যালেন্টিনো, থিয়াগো আলমাদারা আছেন ভবিষ্যতের তারকা হওয়ার তালিকায়। তেমনি রিয়ার মাদ্রিদের একাডেমিতে খেলা ১৮ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজ আছেন আলোচনায়। কোপা দেল রে’র ম্যাচে রিয়ার কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে রেখেছিলেন। এরপর তার দিকে বাড়তি আলো পড়েছে।   

তার বাবা পাবলো পাজ ছিলেন আর্জেন্টিনার ফুটবলার। সেন্ট্রাল ডিফেন্সে খেলা পাবলো জাতীয় দলের জার্সিতে ১৪ ম্যাচ খেলেছেন। কিন্তু আর্জেন্টিনার লিগে দীর্ঘ ক্যারিয়ার তার। স্পেনের ক্লাব রিয়াল ভালাদোলিদে খেলেছেন তিনি। সেই সূত্রে তার ছেলের জাতীয় দল হিসেবে আর্জেন্টিনাকেই বেছে নেওয়ার কথা। 

নিকো পাজ গত বছরের মার্চে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন। লিওনেল স্কালোনি মিডফিল্ড সাজাতে একে একে অনেককে দলে ডেকেছেন। নিকো ছিলেন তাদের একজন। কিন্তু জাতীয় দলে অভিষেক হয়নি তার। তবে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলে তিনটি ম্যাচ খেলে একটি গোল করেছেন। সব ঠিকঠাক থাকলে তার ভবিষ্যতে আর্জেন্টিনার হয়ে খেলার সম্ভাবনাই বেশি।

তবে স্পেনে জন্ম নেওয়ার সুবাদে তার স্পেন জাতীয় দলের হয়ে খেলারও সুযোগ আছে। ওই সুযোগ নিতে চায় স্পেনের ফুটবল ফেডারেশন। এরই মধ্যে নিকোকে স্পেনের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। বয়স ভিত্তিক দলে তাকে জায়গা দিতে চায় রয়েল স্প্যানিশ ফেডারেশন। শীর্ষ পর্যায়ে সেরাটা দিতে পারলে ভবিষ্যতে খেলতে পারবেন স্পেন জাতীয় দলে। লিওনেল মেসিকেও অনেকটা এমনই প্রস্তাব দেওয়া হয়েছিল। মেসিও খুব অল্প বয়স থেকে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলতেন। 

নিকো পাজের ফুটবল ভবিষ্যত উজ্জ্বল মনে করা হচ্ছে। তার ভবিষ্যতের আধুনিক মিডফিল্ডার মনে করা হয়। যে মাঠের অনেকটা জুড়ে খেলেন। বাঁ-পায়ের মিডফিল্ডার হওয়ায় তার কদরও বেশ। রিয়াল কাস্তিলার কোচ রাউল গঞ্জালেস তার পেছনে অনেক সময় দিয়েছেন। লস ব্লাঙ্কোসরা চাইবে বাঁ-পায়ের মিডফিল্ডার টনি ক্রুসের উত্তরসূরী হিসেবে তাকে গড়ে তুলতে। তৈরি করেও মার্টিন ওডেগার্ডকে হারানোর মতো ভুল না করতে।

আরও পড়ুন

×