বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০০:৪৯ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০১:৪৮
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মিলে এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের করাচিতে তৃতীয় ও শেষ দফায় একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের।
সিরিজের একমাত্র ওয়ানডে আগামী ১ এপ্রিল মাঠে গড়ানোর কথা ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্টটি আগামী ৫ এপ্রিল হওয়ার কথা ছিল। অপূর্ণ এই সিরিজ ভবিষ্যতে কোন সময় নির্ধারণ করে শেষ করার চেষ্টা করবে দুই বোর্ড। এমন তথ্যও জানানো হয়েছে।
এর আগে দুই দফা পাকিস্তান সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে টি-২০ সিরিজ খেলে হেরেছে। দ্বিতীয় দফায় একটি টেস্ট খেললেও পাত্তা পায়নি পাকিস্তানের কাছে। তৃতীয় দফা সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। শেষ দফার পাকিস্তান সফর নিয়ে তাই আশাবাদী ছিলেন ক্রিকেটাররা। কিন্তু অন্যান্য দেশের মতো করোনাভাইরাস পাকিস্তানেরও ছড়িয়ে পড়ায় স্থগিত হলো ওই সফর।
