অনুমোদনহীন চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ
দোকান সিলগালা, ব্যবসায়ীকে জরিমানা
ছবি- সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২২:৪৫ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ২২:৪৭
বাগেরহাটের রামপালে দোকান থেকে অনুমোদনহীন খোলা চিপস খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানি মনোরঞ্জন মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর দোকান সিলগালা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বড় দুর্গাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
জানা গেছে, আগের দিন গত সোমবার দুপুরে বিদ্যালয়টির শিক্ষার্থীরা পাশে থাকা মনোরঞ্জন মন্ডলের দোকান থেকে খোলা চিপস কিনে খায়। এতে ১২ শিশু অসুস্থ হয়ে পড়ে। চিপসগুলো ডিটারজেন্টের প্যাকেটসদৃশ্য মোড়কে বিক্রি করা হচ্ছিল। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি দেখা দিলে অভিভাবক ও শিক্ষকরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার মৈত্রী হাসপাতালে নিয়ে যান।
ওই হাসপাতালের মেডিকেল অফিসার সাকিব রেজোয়ান জানান, খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১২ জনের মধ্যে ১১ জনকে মৈত্রী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য মৈত্রী হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাংশু রায় বলেন, দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখন সুস্থ আছে।
রামপাল উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শিক্ষার্থীদের অসুস্থতার খবরে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রশাসনের সহযোগিতায় দোকানটি সিলগালা করা হয়েছে। তবে বাইরে শিক্ষার্থীদের খাবার খাওয়ানোর ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস বলেন, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিশুদের জন্য অনুমোদিত, নিরাপদ খাদ্যপণ্য কেনা এবং মেয়াদ ও মান যাচাই করে খাবার খাওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
- বিষয় :
- খাবার
- শিক্ষার্থী
- অসুস্থ
