ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জুতা ভাসতে দেখে খাল থেকে শিশুর লাশ উদ্ধার

জুতা ভাসতে দেখে খাল থেকে শিশুর লাশ উদ্ধার
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২২:৩৩

কুমিল্লায় বাঁশের সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে নিখোঁজ হয় মো. সজিব নামে এক শিশু। পরে খালে ভাসতে থাকা একটি জুতার সূত্র ধরে ৪ ঘণ্টা পরে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া শ্মশানখলা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সজিব (৭) দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের পূর্ব উত্তরপাড়া গ্রামের শরীফ মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে একটি মামলা-সংক্রান্ত কাজে সজিবের বাবা শরীফ মিয়া কুমিল্লা আদালতে যান। একই সময় অসুস্থ হয়ে সজিবের মা রোজিনা বেগম ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। এ অবস্থায় সজিবকে পাশের বেজুরা পশ্চিমপাড়া এলাকার ফুফুর বাড়িতে রেখে তার দাদি হাসপাতালে যান। সকাল ৯টার দিকে সজিব তার ফুফুর বাড়ি থেকে বের হয়ে বাঁশের সাঁকো পার হয়ে রাস্তায় যাওয়ার চেষ্টা করলে পা পিছলে খালে পড়ে যায়। পরে তার দাদি হাসপাতাল থেকে ফিরে এসে সজিবকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, শিশুটিকে খুঁজতে গিয়ে খালের পানিতে একটি জুতা দেখতে পান তারা। এরপর স্থানীয় লোকজন খালে নেমে খোঁজাখুঁজি করলেও শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করলে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে সাঁকো থেকে প্রায় ৫০ গজ দূরে খালের পানির নিচ থেকে সজিবের লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির লাশ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন মা রোজিনা বেগম ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তিনি ছেলের লাশ দেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন।

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আতাউর রহমান বলেন, খবর পাওয়ার পর তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পানির নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে। পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

×