ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চ্যাম্পিয়ন দলের চাপ বেশি: মুশফিক

চ্যাম্পিয়ন দলের চাপ বেশি: মুশফিক
×

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০২:০৯

ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন তাও ১৫ বছর। ভিক্টোরিয়া, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডিতে খেললেও আবাহনীতে এই প্রথম খেলছেন মুশফিকুর রহিম। আকাশি-নীল জার্সিতে নিজের অভিষেক ম্যাচ রাঙালেন সেঞ্চুরি করে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগের উদ্বোধনী রাউন্ডে পারটেক্স স্পোর্টিংয়ের বিপক্ষে আবাহনীকে সামনে থেকে নেতৃত্ব দেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। ম্যাচ শেষে আবাহনীতে প্রথম খেলার অনুভূতি মিডিয়ার সামনে তুলে ধরেন মুশফিক।

প্রশ্ন: প্রথম ম্যাচেই সেঞ্চুরি?

মুশফিক: আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আবাহনী সেরা একটি দল। শুরুটা ভালো করতে পেরে ভালো লাগছে। আর সেঞ্চুরির বিষয়টি আসলে মাথায় ছিল না। তবে ভালো লাগছে। প্রথম ম্যাচ ছিল, সবাই একটা নার্ভাস ছিল। চ্যাম্পিয়ন দলের ওপর সব সময় চাপ থাকে। যতই ছোট দল বা বড় দলের বিপক্ষে খেলা হোক, জেতার জন্যই খেলে আবাহনী। দিন শেষে দল জিতেছে এটা আনন্দের।

প্রশ্ন: কঠিন পরিস্থিতিতে বড় ইনিংস খেলা কতটা চাপের?

মুশফিক: সব সময় এই চাপগুলো আমি উপভোগ করি। এই জিনিসগুলো উপভোগ করলে খেলোয়াড় হিসেবে আরও দুই ধাপ এগিয়ে দেবে। আবাহনীর জন্যই নয়, ঘরোয়া বা আন্তর্জাতিক যে পর্যায়েই খেলি, চেষ্টা থাকে দলের জয়ে আমার অবদান যেন বেশি থাকে। সত্যি বলতে একটু নার্ভাস ছিলাম আজ। আবাহনী সব সময় চ্যাম্পিয়ন দলই করে। সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। আমি ছাড়াও মোসাদ্দেক আর সাইফউদ্দিন অসম্ভব ভালো ব্যাটিং করেছে। উইকেট শুরুতে একটু কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি মানিয়ে নিয়ে ভালো করতে।

প্রশ্ন: প্রথম রান নিতে একটু বেশি বল লাগার কারণ?

মুশফিক: আমি নিজেও হয়তো ভুলে গেছি, টেস্টে প্রথম রান করতে এত বল লেগেছে কি-না। আমার নিজের একটা বিশ্বাস ছিল, সেট হতে পারলে ম্যাচগ্রিপ করতে পারব। চেষ্টা ছিল বড় জুটি গড়ে তোলার। আমার কাজটা সহজ করে দিয়েছে মোসাদ্দেক। পরে সাইফউদ্দিন।

প্রশ্ন: ছোট সময়ে কোন দলের সমর্থক ছিলেন, আর আবাহনী-মোহামেডানের রোমাঞ্চ কতটা?

মুশফিক: আবাহনী-মোহামেডানের অনেক গল্প শুনেছি। শুনেছি, তখন দল হেরে যাওয়ার পর রাত হয়ে গেলেও স্টেডিয়াম থেকে বের হতে পারত না। আমার ওইগুলো দেখার সৌভাগ্য হয়নি। আসলে এখন আন্তর্জাতিক ম্যাচ এত বেশি দেখে, হয়তোবা সমর্থকদের সময় বের করে লিগের ম্যাচ দেখা কঠিন হয়ে যায়। সত্যি বলতে ছোট সময়ে মোহামেডানের সমর্থক ছিলাম। যখন দেখলাম আবাহনী সব সময় সেরা দল বানায় এবং ফুটবলে, ক্রিকেটে তারাই চ্যাম্পিয়ন হয়। আস্তে আস্তে আবাহনীর প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হয়েছে। একজন সমর্থক হিসেবে আমি সব সময় চাইব জয়ের ভেতরে থাকে এমন দলকে সমর্থন করতে। সেদিক থেকে আবাহনী সেরা।

প্রশ্ন: করোনা নিয়ে দর্শকদের কী বার্তা দেবেন?

মুশফিক: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটাও দেখেছি, মাঠে কেউ নেই। বল বাউন্ডারিতে যাচ্ছে- লকি ফার্গুসন নিজে গিয়ে বল কুড়িয়ে আনছে। সেখানে বাংলাদেশের মানুষ তো ক্রিকেটপাগল। তারা যেন নিজেদের সচেতন রাখে বা গ্যালারিতে বসলেও দূরত্ব বজায় রাখে। মাস্ক ব্যবহার করে। কারণ একজনের হলে অন্যজন আক্রান্ত হতে পারে। আমি মনে করি, তাদের অবশ্যই সচেতন থাকা উচিত। তারা যদি আমাদের ভালোবাসতে পারে, আমাদেরও তাদের ভালোবাসা উচিত। আমার অনুরোধ থাকবে, সবাই যেন সচেতন থাকে।

আরও পড়ুন

×