যতদিন অলিম্পিক না হবে, জ্বলবে মশাল
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০০:১৩ | আপডেট: ২৬ মার্চ ২০২০ | ০১:১৯
ইতিহাসে এবারই প্রথম যুদ্ধাবস্থা ছাড়া অলিম্পিক গেমস স্থগিত হয়েছে। মঙ্গলবার জুলাই-সেপ্টেম্বরের টোকিও অলিম্পিক পেছানোর ঘোষণা আসেলো নতুন দিনক্ষণ জানানো হয়নি। কেবল বলা হয়েছে, 'আগামী গ্রীষ্মের ভেতরেই হবে।'
তবে বুধবার 'টোকিও অলিম্পিক ২০২০' নিয়ে নতুন তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। আগামী এক বছরের মধ্যে যে কোনো সময়েই হতে পারে অলিম্পিক গেমস। আর যতদিন না গেমস শেষ হবে, ততদিনই জ্বলবে টোকিও অলিম্পিকের মশাল।
নিয়মানুযায়ী টোকিও অলিম্পিকের মশাল প্রজ্বলিত হয়েছে দুই সপ্তাহ আগে। আধুনিক অলিম্পিকের জন্মভূমি গ্রিসের অলিম্পিয়ায় প্রজ্বালনের পর গত সপ্তাহে জাপানে পৌঁছেছে অলিম্পিক মশালটি। বৃহস্পতিবার থেকে এটির জাপানজুড়ে ভ্রমণ শুরুর কথা। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে গেমস পিছিয়ে যাওয়ায় মশালযাত্রাও স্থগিত হয়ে গেছে।
তবে যেখান থেকে যাত্রা শুরুর কথা, সেই ফুকুশিমায় প্রজ্বলিত মশালটি জ্বলন্ত অবস্থাতেই থাকবে। টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি প্রজ্বলিত মশালকে দেখছেন আশার বাতি হিসেবে, 'আশাবাদী আমাদের থাকতেই হবে। আমি নিজেও ক্যান্সারে ভুগছি। তারপরও বেঁচে আছি। অলিম্পিকের বেলায় আমাদের আশায় থাকতে হবে।'
আইওসি প্রেসিডেন্ট বলেন, 'আগামী গ্রীষ্মেই যে গেমস আয়োজন করতে হবে- এমন নয়। আমরা সব ধরনের সম্ভাব্য সুযোগ নিয়েই ভাবছি। সেটা আগামী গ্রীষ্মে হতে পারে, তার আগেও হতে পারে।'
- বিষয় :
- টোকিও অলিম্পিক
- স্থগিত
- মশাল প্রজ্বলন
- খেলা
- অলিম্পিক
