ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

'লাতিন আমেরিকায় খেললে এমবাপ্পে হতেন সাধারণ ফুটবলার'

'লাতিন আমেরিকায় খেললে এমবাপ্পে হতেন সাধারণ ফুটবলার'
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ০৬:৫৬ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ০৬:৫৮

ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসির পর কিলিয়ান এমবাপ্পেকে ধরা হয় বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা। ক্লাব ক্যারিয়ারে পিএসজির হয়ে তার আছে একাধিক ট্রফি। ফরাসি এই তারকা এরই মধ্যে খেলে ফেলেছেন দুই বিশ্বকাপ। যার একটিতে শিরোপা জিতেছেন। দুই বিশ্বকাপের ফাইনালেই গোল করেছেন, সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে তো হ্যাটট্রিকই করে ফেলেছেন। এই মুহুর্তে বিশ্বের সেরা ক্লাবগুলো মুখিয়ে আছে এমবাপ্পেকে পেতে।

কম বয়সে এতকিছু অর্জনের পরও এমবাপ্পের সামর্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করছেন প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক জোসে লুইস চিলাভার্ট। গোলরক্ষক হলেও তিনি গোল ঠেকানোর পাশাপাশি গোল করাতেও সিদ্ধহস্ত ছিলেন। গোলরক্ষকদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ গোল করেছেন তিনিই। পাঁচ বিশ্বকাপ খেলা প্যারাগুয়ের এই কিংবদন্তির মতে, এমবাপ্পে যদি লাতিন আমেরিকায় খেলতেন, তবে তিনি একজন সাধারণ ফুটবলারই হতেন।

যদিও চিলাভার্টের এমন মন্তব্য এমবাপ্পের এক কথার জেরেই। কাতার বিশ্বকাপের আগে এমবাপ্পে বলেছিলেন, ইউরোপের ফুটবল লাতিনের ফুটবলের চেয়ে অনেক এগিয়ে গেছে। তার সেই কথার পরিপ্রেক্ষিতে লাতিন-ইউরোপ যুদ্ধ জমে ওঠে নতুন করে। বিশ্বকাপ জিতে অবশ্য এমবাপ্পের সেই কথা জবাব আগেই দিয়েছিল আর্জেন্টিনা। এবার এমবাপ্পের সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে নতুন করে খোঁচা দিলেন চিলাভার্টও।

এমবাপ্পেকে নিয়ে চিলাভার্ট বলেছেন, 'এমবাপ্পে বলেছিল, দক্ষিণ আমেরিকা ভালো ফুটবল খেলে না বা ভালো পর্যায়ে নেই। আমি তাকে লা পাজ বা কিটোতে উঁচু পাহাড়ে খেলতে দেখতে চাই । কিংবা ব্রাজিলে অ্যাওয়ে খেলতে দেখতে চাই। এখানে সে খুবই সাধারণ খেলোয়াড় হতো। এখানে সে আগে থেকেই অনুমান করা যায়, এমন খেলোয়াড় হতো। অবশ্যই সে গতির কারণে সুবিধা পাবে। তবে পেছনে একজন ডিফেন্ডার লাগিয়ে রেখে আমরা তাকে ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারতাম।'

চিলাভার্টের এই মন্তব্য নিয়ে এখন চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা। কেউ তাকে সমর্থন দিলেও কেউবা আবার বিদ্রুপও করে নানা কথাও শুনিয়ে দিচ্ছে।

আরও পড়ুন

×