ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ক্যাচ বাতিলে ম্যাকগ্রার ক্ষোভ, ব্যাখ্যা দিল এমসিসি

ক্যাচ বাতিলে ম্যাকগ্রার ক্ষোভ, ব্যাখ্যা দিল এমসিসি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ১০:৪৬ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ১০:৪৬

লর্ডস টেস্টের শেষ দিনে আজ রোমাঞ্চ অপেক্ষা করছে। ইংল্যান্ডকে জিততে হলে পঞ্চম দিনে করতে হবে ২৫৭ রান। রেকর্ড রান তাড়া করে জিততে তাদের হাতে রয়েছে ৬ উইকেট। অস্ট্রেলিয়াকে জিততে হলে লক্ষ্যের আগেই প্রতিপক্ষের বাকি উইকেট নিতে হবে সফরকারীদের।

এদিকে শনিবার চতুর্থ দিনের শেষ সেশনে মিচেল স্টার্কের একটি ক্যাচ বাতিল করা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়ে গেছে। বেন ডাকেটকে শর্ট বল করেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ক্যামেরন গ্রিন। ডাকেট ফাইন লেগের দিকে শট খেলেন। অন্যদিকে, ফাইন লেগে দাঁড়িয়ে থাকা মিচেল স্টার্ক বাঁ দিকে ছুটে এসে দর্শনীয় একটি স্লাইডিং ক্যাচ নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, স্টার্ক দুর্দান্ত ভঙ্গিতে ক্যাচটি ধরেছিলেন। ফিল্ড আম্পায়ার ডাকেটকে আউটও দেন। কিন্তু রিভিউ নেন ডাকেট।

থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্তটি গেলে, ফুটেজ দেখা হয়। যেখানে দেখা যায়, স্টার্ক ক্যাচটি সঠিক ভাবে ধরলেও, তার হাত নেমে আসায় বলটি মাটিতে স্পর্শ করেছে বলে মনে হয়। তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস দেখলেন, পুরো ক্যাচ ধরার সময়ে অস্ট্রেলিয়ার ফিল্ডারের শরীরের উপর নিয়ন্ত্রণ ছিল না। শেষ পর্যন্ত স্টার্ক এবং তার সতীর্থদের অবাক করে নটআউটের সিদ্ধান্ত দেন এরাসমাস।

ক্যাচ বাতিলের ঘটনাকে 'হাস্যকর' বলছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা, 'আমি দুঃখিত, এটা আমার দেখা সবচেয়ে বাজে ঘটনা। সে নিয়ন্ত্রণে ছিল, বল নিয়ন্ত্রণে ছিল। এটা অসম্মান, আমি দুঃখিত, এটি অপমানজনক। আমি সবকিছু দেখেছি। বিশ্বাস করতে পারছি না। এটা হাস্যকর।'

এর পরই ক্রিকেট আইনের রক্ষক এমসিসি দাবি করে, এরাসমাসের সিদ্ধান্ত সঠিক ছিল। টুইটার পোস্টে এমসিসি বলেছে, '৩৩.৩ ধারা অনুযায়ী একটি ক্যাচ তখনই সম্পূর্ণ হবে, যখন ফিল্ডারের গতিবিধি ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের উপর থাকবে। তার আগে বল মাঠে স্পর্শ করা যাবে না। এ ঘটনায় স্টার্ক মাঠে স্লাইড করেছিলেন, বল মাটিতেও লাগে এবং তার শরীরের কোনো নিয়ন্ত্রণ ছিল না।'

আরও পড়ুন

×