'নো মোর ক্রিকেট' লিখে কি খেলা ছেড়ে দিলেন রুমানা?
রুমানা আহমেদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ০৫:০০ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ০৫:০০
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কৌতুহল জাগানিয়া এক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেটার রুমানা আহমেদ। যেখানে মিলেছে তার ক্রিকেট ছাড়ার আভাস।
নিজের পোস্টে জাতীয় দলের সাবেক অধিনায়ক লেখেন 'নো মোর ক্রিকেট…', যার অর্থ ‘আর ক্রিকেট নয়…'। এমন পোস্টের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তাহলে কি ক্রিকেট খেলাটা ছেড়ে দিলেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার? সংবাদমাধ্যমে এই লেগ স্পিনিং অলরাউন্ডার বলেন, আপাতত ওই পোস্ট নিয়ে কোনো কথা নয়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবেন সব।
সবশেষ দুই সিরিজে ছিলেন না স্কোয়াডে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার সিরিজে তিনি হতে পারতেন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু ফিটনেসসহ বেশকিছু ইস্যুতে তাকে দল থেকে বাদ দেন নারী ক্রিকেট দলের সিলেক্টর মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
শ্রীলঙ্কা সফরের দলে বাদ পড়ার পর পরবর্তী সময়ে নিজের বাদ পরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রুমানা। বিশ্রামের অজুহাতে তাকে বাদ দেওয়া হলেও তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বোর্ডের পক্ষ থেকে। এরপর ভারতের বিপক্ষে সিরিজে দলে জায়গা না হওয়ায় হতাশ ছিলেন রুমানা।
৫০ ওয়ানডেতে ৯৬৩ রান, শিকার করেছেন ৫০ উইকেট। ৮৪ টি-টোয়েন্টিতে ৮৫৪ রান এবং ৭৫ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।
