ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেসিকে বলেছিলাম, তোমার নাম কী: আগুয়েরো

মেসিকে বলেছিলাম, তোমার নাম কী: আগুয়েরো
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৩:১৭

ছোট থেকেই মেসি স্পেনে। আর্জেন্টিনার অনেকে তাই কিশোর মেসিকে চিনতেন না। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বার্সা  একাডেমিতে বড় হওয়া মেসির খোঁজ রাখত। মেসিকে তাই ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য ডাকে আর্জেন্টিনা। বার্সেলোনার কাছে মেসিকে চেয়ে চিঠি দেয় তারা। মেসির বয়স তখন মাত্র ১৬ বছর। স্পেনও তাকে বয়সভিত্তিক দলে ডেকেছে। কিন্তু লিওনেল মেসি বেছে নিয়েছেন আর্জেন্টিনাকে।

মেসিকে চেয়ে বার্সায় কাছে পাঠানো চিঠিতেও ভুল করা হয়েছিল তার নাম। লেখা হয়েছিল 'লিওনেল মেক্কি'। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ওই বিশ্বকাপের আগে প্যারাগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। দেশের জার্সিতে ওই প্রথম ম্যাচ মেসির। বদলি হিসেবে খেলতে নামেন তিনি। দল জেতে ৮-০ গোলে। বদলি নেমে গোল করেছিলেন মেসি।

বেঞ্চে তাকে অলস বসে থাকতে দেখে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের ফিটনেস কোচ জেরার্ড সোলারিও বলেছিলেন, 'এই ছেলে ওঠো, ওয়ার্ম আপ করো, খেলার ইচ্ছা নেই নাকি। কথাটা শুনে দৌড়াতে শুরু করেন মেসি।' সংবাদ মাধ্যম আনফেবিয়াকে তিনি বলেন, 'মেসির দিকে হুট করে তাকালে আমার সিংহের মতো মনে হতো। মাঠে নেমেই সে খুবই দ্রুত দৌড়াতে শুরু করলো।' এরপর থেকে দলেও জায়গা পাকা হয় তার।

ওই বিশ্বকাপে মেসি দলের হয়ে ছয় গোল করেন। আর আর্জেন্টিনা দলের সেরা আকর্ষণ ছিলেন সার্জিও আগুয়েরো। মাত্র ১৫ বছর বয়সে ইন্ডিপেন্ডিয়েন্টের হয়ে খেলে ফেলেছেন তিনি। সেই দলের সেরা তারকা। মেসির নাম জানতেন না আগুয়েরো। মেসির কাছে তাই তার নাম জিজ্ঞেস করেছিলেন আগুয়েরো।

দেপোর টিভিকে সেই স্মৃতির কথা উল্লেখ করে আগুয়েরো বলেন, 'মেসি ঠিক আমার ডান পাশে ছিল। আমি ট্রেনার ইজিকুয়েল গ্যারি ও লওতারো ফরমিকার সঙ্গে কথা বলছিলাম। যুক্তরাষ্ট্র নিয়ে এক পর্যায়ে মেসি কিছু একটা বলল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কী?' মেসিকে না চেনার কারণ জানিয়ে ম্যানসিটি স্ট্রাইকার বলেন, 'তখন আমি প্রচুর ফুটবল দেখি। কিন্তু সবই আর্জেন্টিনার। ইউরোপের ফুটবল দেখা হয়না। তেমন খোঁজও রাখিনা।'

আগুয়েরো জানান, মেসি তার নাম বলেছিলেন লিওনেল। সঙ্গে জোরে হেঁসে দিয়েছিলেন। তার পরের নাম কী জানলে চাইলে বলেন, মেসি। এসময় পাশে থাকা অন্যরা আগুয়েরোকে পাল্টা প্রশ্ন করেন, তুমি ওকে চেন না? আগুয়েরো জানান, বার্সেলোনায় প্রতিভাবান এক আর্জেন্টাইন আছেন একথা তিনি শুনেছিলেন। কিন্তু এটাই যে মেসি, জানতেন না। এরপর অনুশীলন দেখে আগুয়েরো বুঝতে পারেন, কত ভালো ফুটবল খেলেন মেসি। তারপরে তো তারা সেরা বন্ধুই বনে গেছেন।

আরও পড়ুন

×