ফিফাকে জবাব দেওয়ার ম্যাচে বেলজিয়ামের নায়ক কেটেলারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১০:৩৬
জিয়ান্নি ইনফান্তিনোর সামনে তাঁকে সপাটে জবাব দিল বেলজিয়াম। বুঝিয়ে দিল, কাউকে জোর করে জেতানো যায় না। মাঠের বাইরে যাই হোক না কেন, আসল খেলাটা হয় মাঠে। সেখানে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিল বেলজিয়াম। ডোনাল্ড ট্রাম্পের দেশকে মোক্ষম জবাব দেওয়ার ম্যাচে জোড়া গোল করে নেতৃত্ব দিয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারা।
গত দুই দিন বিশ্বকাপের সবচেয়ে আলোচনার বিষয় ছিল যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড বিতর্ক। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পরও নজিরবিহীনভাবে তাঁর এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা স্থগিত করে দেয় ফিফা। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনের পরই এ নিষেধাজ্ঞা স্থগিত হয়। এরপর ট্রাম্প নিজেও ফোন করার কথা অকপটে স্বীকার করেন।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সিয়াটলে মাঠে নেমেছিল বেলজিয়াম। সেই রাগ-জেদের বশেই শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ওপর ঝাঁপিয়ে পড়ে ইউরোপের দেশটি। সে ধারাবাহিকতায় নবম মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। নিকোলাস রাসকিনের পাস থেকে গোলমুখে টোকা দিয়ে বল জালে জড়ান তরুণ স্ট্রাইকার চার্লস ডি কেটেলারা। ৩১ মিনিটে ফ্রি কিক থেকে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। অবশ্য দুই মিনিটের মধ্যে আবার লিড নেয় বেলজিয়াম। লিয়ান্দ্রো ত্রোসারের ক্রস থেকে দুর্দান্ত হেডে আবারও গোল করেন কেটেলারা।
বিরতির পর যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলে ব্যবধান ৩-১ হয়। ফ্রিজ বক্সের বাইরে এসে বিপদমুক্ত করতে গিয়ে গড়বড় করে ফেললে বল কেড়ে নেন কেটেলারা। তাঁর পাস ধরে প্রায় ৩৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে বল ঠেলেন ফানাকান। যোগ করা সময়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন বর্ষীয়ান বেলজিয়ান স্ট্রাইকার রুমেলু লুকাকু।
২৫ বছর বয়সী কেটেলারার দুই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তবে এ ম্যাচের আগে কেটেলারার নামও হয়তো শোনেননি যুক্তরাষ্ট্রের সমর্থকরা। বেলজিয়ামের এই উঠতি প্রতিভা ইতালির ক্লাব আটালান্টায় খেলেন। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এ ফুটবলার ফরোয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও পারদর্শী। তাঁর জন্যই বেলজিয়ামের ফরোয়ার্ড লাইনে বৈচিত্র্য এসেছে।
ক্লাব ব্রুগের একাডেমি থেকে আসা এ ফুটবলারের বেলজিয়ান লিগে অভিষেক হয় ২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সে। অচিরেই তিনি বেলজিয়ামের সবচেয়ে উজ্জ্বল প্রতিভা হিসেবে চিহ্নিত হন। তাঁর দাপটেই ক্লাব ব্রুগ বেলজিয়ান লিগে হ্যাটট্রিক শিরোপা জিতে। সে পারফরম্যান্সের কারণেই ২০২২ সালে ৩৫ মিলিয়ন ইউরোতে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান তাঁকে কিনে নেয়।
তবে মিলানে তাঁর প্রথম মৌসুমটা ভালো কাটেনি, কোনো গোলই করতে পারেননি তিনি। পরের মৌসুমেই আটালান্টায় চলে যান কেটেলারা। সেখানে গিয়ে তাঁর প্রতিভার বিচ্ছুরণ ঘটে। ২০২০ সালে তাঁর জাতীয় দলে অভিষেক হয়। ২০২২ বিশ্বকাপেও খেলেছেন তিনি। তবে রুমেলু লুকাকু বা কেভিন ডি ব্রুইনার বদলি হিসেবে নামতেন। খুব বেশি সময় পেতেন না বলে নজর কাড়তে পারেননি। তবে আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বর্ষীয়ান ডি ব্রুইনাকে শুরুর একাদশ থেকে বাদ দিয়ে কেটেলারাকে সুযোগ দেন কোচ রুডি গার্সিয়া। জোড়া গোল করে সুযোগটা দারুণভাবে কাজে লাগান ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ড। এখন থেকে হয়তো নিয়মিতই শুরুর একাদশে দেখা যাবে তাঁকে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- বেলজিয়াম
- ফুটবল বিশ্বকাপ-২০২৬