এই স্পেন বেশ পরিণত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১০:১৯
২০১০ বিশ্বকাপ জয়ের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। ডালাসে গত সোমবার রাতে পর্তুগালকে ১-০ গোল হারিয়ে শেষ আট নিশ্চিত করে লা রোজারা। ম্যাচের ৯১ মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো একমাত্র গোলটি করেন। গত কয়েকটি আসরের তুলনায় এবারের স্পেন বেশ পরিণত বলে মনে করছেন অধিনায়ক রদ্রি। তাদের এবারের বিশ্বকাপ অভিযান কাকতালীয়ভাবে ১৬ বছর আগের আসরের সঙ্গে মিলে যাচ্ছে বলে জানিয়েছেন স্পেন অধিনায়ক।
স্পেনের জন্য কয়েকটি আসর ধরেই শেষ ষোলো রাউন্ডটি হতাশার উৎস হয়ে উঠেছিল। ২০১৮ বিশ্বকাপে রাশিয়া ও ২০২২ বিশ্বকাপে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় স্পেন। সোমবার রাতে পর্তুগালের বিপক্ষে ম্যাচটিও সে পথেই আগাচ্ছিল, ৯০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। তাই বলে এবার স্প্যানিশদের উদ্বিগ্ন হতে দেখা যায়নি। পরিণত একটি দলের মতো পরিস্থিতি মোকাবিলা করেছে তারা। এমনকি ৯১ মিনিটে পাওয়া সুযোগটিতেও কোনো তাড়াহুড়ো করতে দেখা যায়নি। অত্যন্ত ঠান্ডা মাথায় গোলরক্ষককে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন মিকেল মেরিনো।
এটাকে তাদের দলের পরিণতিবোধের সবচেয়ে বড় নজির হিসেবে দেখছেন অধিনায়ক রদ্রি, ‘আমার মনে হয়, আজ দল যে পরিণতিবোধ দেখিয়েছে তা অসাধারণ। কারণ আমরা সবসময় ম্যাচের গতিপথ পড়তে পারছিলাম এবং সেই অনুযায়ী খেলছিলাম। আমরা তাদের ক্লান্ত করে দিচ্ছিলাম এবং এরপরই আমরা গোলটি পাই। মিকেল মেরিনো আবারও গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে ওঠে। এজন্য তাকে কৃতজ্ঞতা।’
স্পেনের এবারের বিশ্বকাপ অভিযান ২০১০ সালের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। ১৬ বছর আগে ভিসেন্তে দেল বক্সের দল টানা চার ম্যাচে কোনো গোল হজম না করে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়ে ছিল। কাকতালীয়ভাবে দক্ষিণ আফ্রিকার ওই আসরেও শেষ ষোলোতে ১-০ ব্যবধানে পর্তুগালকে হারিয়ে ছিল স্পেন। এবার লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা টানা পাঁচ ম্যাচে কোনো গোল হজম না করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
এজন্য অবশ্য ডিফেন্সের কৃতিত্ব দিচ্ছেন লেফট-ব্যাক মার্ক কুকুরেইয়া, ‘আমার মনে হয়, যাদের রক্ষণ সেরা, তারাই চ্যাম্পিয়ন দল। আমরা এই কাজটাই করার চেষ্টা করছি। অবশ্য শুধু রক্ষণভাগ ও গোলরক্ষক নন, পুরো দলই চেষ্টা করছে। আমাদের রক্ষণ ও আক্রমণভাগের মধ্যে যে সংযোগ, সেটা দুর্দান্ত। আশা করছি, সামনের ম্যাচগুলোতেও সেটা ধরে রাখতে পারব। যদি আমরা গোল হজম না করি, তাহলে জয়ের সম্ভাবনা বেড়ে যায়।’
মিডফিল্ডেরও প্রশংসা করেছেন অধিনায়ক রদ্রি, ‘আমার মনে হয়, মাঝমাঠে আমরা পরিপূর্ণ ম্যাচ খেলেছি। পেদ্রি অসাধারণ ছিল।’
- বিষয় :
- স্পেন
- পর্তুগাল
- ফুটবল বিশ্বকাপ-২০২৬