ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু
×

ফাইয়াজ তাজরিয়ান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১১:৩৪

বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফাইয়াজ তাজরিয়ান। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইয়াজ তাজরিয়ানের (২৮) বাড়ি চট্টগ্রামে। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার পর ফাইয়াজ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে ওঠেন। এ সময় তার দ্রুতগতির মোটরসাইকেলটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, বৃষ্টির মধ্যে কাভার্ড ভ্যানটি ফ্লাইওভারে বিকল হয়ে পড়েছিল। পরে সেখানেই সেটি মেরামতের কাজ চলছিল। এমন সময় উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফাইয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক রিদওয়ান হৃদয় বলেন, 'তার এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছি না। তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এনসিপির একটি কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন ফাইয়াজ তাজরিয়ান। পরে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
 

আরও পড়ুন

×