ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

আটকে পড়া যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
×

রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১১:৪৬

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।  

বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আর যাত্রা করতে পারেনি। পরে ট্রেনটি যাত্রা বাতিল করে পুনরায় ঢাকায় ফিরে যায়। 

একইভাবে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিও ভোর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আটকে রয়েছে। বুধবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল ট্রেনটি। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানিয়েছেন, জানআলীহাট-ষোলোশহর সেকশনে রেললাইনের ওপর থেকে পানি না নামলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে না।

এদিকে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান তারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন।

এছাড়া, যারা ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক তারা বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরতে পারবেন। গতকালের (মঙ্গলবারের) টিকিটধারী যাত্রীরাও একই টিকিট ব্যবহার করে এ ট্রেনে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
 

আরও পড়ুন

×