সাইফ স্পোর্টিংয়ের ওপর ফিফার নিষেধাজ্ঞা
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ০৩ মে ২০২০ | ০০:৩৪
তিন বিদেশি ফুটবলের পাওনা অর্থ পরিশোধ না করায় সাইফ স্পোর্টিং ক্লাবকে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বৈশ্বিক ফুটবল কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে শনিবার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
নিষেধাজ্ঞার ফলে সাইফ স্পোর্টিং কোনো দেশি বা বিদেশি কোনো ফুটবলারকে নিবন্ধন করাতে পারবে না। এটি শুধু তাদের সিনিয়র দল নয়, যুবদলেও কার্যকর থাকবে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে সাইফের ওপর নিষেধাজ্ঞা, সেটি তিন বছরের পুরোনো।
ক্লাবটির হয়ে খেলতে ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়ার মাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গার্ডাসেভিচ এবং সার্বিয়ার গোরান ওবরাদোভিচ। শেষ পর্যন্ত তাদের নিবন্ধন না করা হলেও দেনা-পাওনা বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল।
এ বিষয়ে তিন ফুটবলার অভিযোগ করলে ফিফা সাইফ স্পোর্টিংকে এক লাখ ডলার জরিমানা করে। জরিমানা জমা দেওয়ার শেষ দিন ছিল ২৩ এপ্রিল। সংশ্নিষ্ট খেলোয়াড়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ বছরের ১৩, ১৪ ও ২৩ মার্চ ভিন্ন তিনটি নির্দেশনায় জরিমানার জন্য ডেডলাইন দেয়। ওই সময়ই ফিফার পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফুটবলারদের পাওনা না দিলে সাইফ স্পোর্টিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এ জন্য ফিফা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেবে না। করোনাভাইরাসজনিত কারণে ফুটবল থমকে থাকা সময়ের মধ্যেই ডেডলাইন পার হয়ে যাওয়ার পর গতকাল বাফুফে থেকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, অর্থ পরিশোধ না করা পর্যন্ত বা ফিফা ডিসিপ্লিনারি কমিটির নির্দেশনার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।