ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সুইজারল্যান্ড কোচ বললেন, আর্জেন্টিনা শক্তিশালী হলেও অপরাজেয় নয়

সুইজারল্যান্ড কোচ বললেন, আর্জেন্টিনা শক্তিশালী হলেও অপরাজেয় নয়
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১২:৪১

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। সেখানে তাদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তার মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।

কানাডার ভ্যাঙ্কুভারে রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে আটলান্টায় মিসরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। সেমিফাইনালের মিশনে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা।

আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সুইজারল্যান্ড কোচ ইয়াকিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন আমরা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অনন্য সুযোগ। তবে আমরা দেখেছি, আর্জেন্টিনা অজেয় নয়। আমি বিশ্বাস করি যে, আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি এবং এখন আমাদের সামনে এই সুযোগ এসেছে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা তাদের হারানোর চেষ্টা করব। আমরা দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে জানি।’

আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে সুইচ কোচ বলেন, ‘এটা খুবই আকর্ষণীয় একটি ম্যাচ হবে। কৌশলগত দিক থেকে আমরা বর্তমান চ্যাম্পিয়নের সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করব। এটি অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হবে।’

এদিকে সুইজারল্যান্ডের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রদ্রিগেজ আর্জেন্টিনাকে নিয়ে অনেক বেশি সতর্ক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল। তাদের দলে অনেক শক্তিশালী খেলোয়াড় রয়েছে, একজন ভালো কোচ আছেন এবং আমরা জানি তারা কীভাবে খেলে। তাদের দলে বিশ্বের সেরা ফুটবলার মেসিও আছে।’

তবে কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর দল নিয়ে আশাবাদী ইয়াকিন। তার বিশ্বাস, সুইজারল্যান্ড দারুণ কিছু করবে। তিনি বলেন, ‘মাঠে আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, আর আজকের ম্যাচেই সেটির প্রমাণ মিলেছে। আমাদের খেলোয়াড়দের পরিপক্বতা ও সামর্থ্য রয়েছে। আমি বিশ্বাস করি, এই দল দিয়ে আমরা বড় কিছু অর্জন করতে পারি।’

আরও পড়ুন

×