ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রবাসী ফুটবলার খুঁজে বের করতে হবে

প্রবাসী ফুটবলার খুঁজে বের করতে হবে
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ০৮ মে ২০২০ | ০০:৩৪

করোনায় থমকে আছে খেলাধুলা। ঝুলে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে জাতীয় দলের কোচ জেমি ডের চুক্তি। যদিও এবারের চুক্তিটা একটু ভিন্ন হওয়াতে এখনও কথাবার্তার মধ্য দিয়ে যাচ্ছে দুই পক্ষ। ২০১৮ সালে জামাল ভূঁইয়াদের কোচ হয়ে আসা জেমির সঙ্গে প্রথমে এক বছর চুক্তি নবায়ন করেছিল বাফুফে। ব্রিটিশ এ কোচের প্রতি আস্থা রেখেই চুক্তির মেয়াদটা এবার দুই বছর বাড়াতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

নাটকীয় কিছু না ঘটলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে থাকছেন জেমি। তবে এবারের চুক্তিতে বেশ কিছু শর্ত জেমিকে দিয়েছে বাফুফে। তার একটি হলো- খুঁজে বের করতে হবে প্রবাসী ফুটবলার।

অতীতে প্রবাসী ফুটবলার হিসেবে অনেকেই বাংলাদেশে এসে ট্রায়াল দিয়েছিলেন। কিন্তু এক জামাল ভূঁইয়া ছাড়া আর কেউই পরীক্ষায় উতরাতে পারেননি। ডেনমার্ক প্রবাসী জামাল তো এখন দেশের ফুটবলের পোস্টারবয়। তার নেতৃত্বে সাম্প্রতিক সময়ে ভালো করছে বাংলাদেশ। জামালের মতো আরও কয়েকজন প্রবাসী ফুটবলারের দিকে নজর বাফুফের। জাতীয় দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য হিসেবেই প্রবাসী ফুটবলারের প্রতি জোর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

গত দুই বছর বাংলাদেশের কোচ থাকা জেমিও চেষ্টা করেছিলেন প্রবাসী ফুটবলার খুঁজে বের করতে। অতীতে সফল হতে পারেননি। তবে তখন তার চুক্তির মধ্যে এটা যুক্ত ছিল না। এবার তো চুক্তির অন্যতম শর্তই হলো প্রবাসী ফুটবলার খুঁজে বের করা। অবশ্য জেমিকে এজন্য একটু ছাড়ও দিয়েছে বাফুফে। অন্য কোনো দেশ নয়, তার জন্মস্থান ইংল্যান্ডেই খুঁজতে হবে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরীসহ একাধিক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুফল আসেনি।

এবার জেমি পারবেন বলে বিশ্বাস বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের, 'তার সঙ্গে চুক্তি নিয়ে আমাদের কথাবার্তা চলছে। আশা করি, কিছুদিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছাতে পারব। তবে এবার চুক্তির শর্তে আমরা যোগ করেছি যে জেমি ডেকে প্রবাসী ফুটবলার খুঁজে বের করতে হবে।'

ব্রিটিশ এ কোচের জন্য এটা নতুন কিছু নয়। তবে চুক্তির বাধ্যবাধকতা থেকে এ কাজ করা কঠিনই বলে মনে করেন জেমি, 'প্রবাসী ফুটবলার খুঁজে বের করাটা আমার কাছে কঠিনই মনে হচ্ছে। অনেক সমস্যা থাকে। আপনি দেখেন এক জায়গা থেকে আপনাকে অন্য জায়গায় ভ্রমণ করতে হবে। আর এ অর্থেও বিষয়টি তো আছেই, আবার কোনো খেলোয়াড় খেলতে রাজি না হলে তো সমস্যা।' অতীতে কেন সফল হননি সেই কথা মনে করিয়ে দিয়ে জেমি বলেন, 'এর আগে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তারা সেভাবে আগ্রহী ছিল না। আসলে সবাই নিজে দেশের হয়েই খেলতে চায়। কারণ জন্ম যে তাদের সেখানে। যেহেতু এবার আমাকে বলেছে প্রবাসী ফুটবলার খুঁজে বের করতে। তাই আমি চেষ্টা করব।'

আরও পড়ুন

×