ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইউরোপে যেভাবে ফিরছে ফুটবল

ইউরোপে যেভাবে ফিরছে ফুটবল
×

--

প্রকাশ: ০৭ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ০৮ মে ২০২০ | ০২:৪৮

আয়াক্স আমস্টারডামের কয়েকদিন পর মৌসুম শেষের ঘোষণা দেয় ফরাসি লিগ ওয়ান কর্তৃপক্ষ। তখন অনেকের মনেই শঙ্কা জেগেছিল, করোনাভাইরাসের ভয়াল থাবায় ইউরোপের বাকি লিগগুলোকেও কি এভাবেই শেষ করতে হবে এবারের মৌসুম? না, মনে হয় এমনটি হচ্ছে না। আশার আলো দেখা যাচ্ছে। লকডাউন শিথিল হতেই ফুটবল কার্যক্রম শুরু করে দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশের লিগ কর্তৃপক্ষ। সিরি'এ দলগুলো অনুশীলনে নেমে পড়েছে, লা লিগা কর্তৃপক্ষ মেসি-রামোসদের করোনা টেস্ট করিয়েছে। সবার আগে মাঠে গড়াচ্ছে সম্ভবত বুন্দেসলিগা। চলুন দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বশেষ অবস্থা

বুন্দেসলিগা (জার্মানি)

করোনাভাইরাসের প্রভাবে থেমে থাকা ফুটবলে গতি আনতে যাচ্ছে জার্মানি। গত বুধবার চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সবুজ সংকেতের পর সব অনিশ্চয়তা দূর হয়ে যায়। জার্মান ফুটবল লিগ (ডিএলএফ) কর্তৃপক্ষের একটি সূত্রে জানা গেছে, ১৫ মে থেকে শুরু হতে পারে বুন্দেসলিগা। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নিশ্চয়তা দেওয়ার পরই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে অনুমতিটা এসেছে। স্বাস্থ্যবিধি মেনেই গত মাসে অনুশীলন শুরু করে জার্মান ক্লাবগুলো। দলীয়ভাবে অনুশীলন শুরুর আগে জার্মানির শীর্ষ দুই ডিভিশনের এক হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষায় ১০ জন পজিটিভ হয়েছেন। এর মধ্যে তিনজন কোলনের এবং দু'জন বরুশিয়া মনশেনগ্লাডবাখের।

লা লিগা (স্পেন)

প্রায় দুই মাস পর গত বুধবার বার্সেলোনায় অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। মাস্ক ও গ্লাভস পরে সবার আগে মাঠে আসেন রবার্তো, রাকিটিচ ও স্টেগার। তার পরে মেসি ও সুয়ারেজ। এমনিতে তারা দু'জন একসঙ্গে অনুশীলনে এলেও এদিন তাদের আলাদা আলাদা গাড়িতে করে আসতে দেখা গেছে। জুনে লিগ শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে লা লিগা কর্তৃপক্ষ। সরকার এ জন্য চার ধাপের রূপরেখা প্রণয়ন করেছে। সে অনুযায়ী সীমিত আকারে শুরু হয়েছে অনুশীলন। বিষয়টি অনেকটাই নির্ভর করবে বুধ ও বৃহস্পতিবার হওয়া খেলোয়াড়দের করোনা টেস্টের ফলাফলের ওপর। রিপোর্ট আসতে সময় লাগে ৪৮ ঘণ্টা। তাই শনিবার শেষ বেলায় একটি ঘোষণা আসতে পারে। গত বুধবার বার্সা-রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

লিগ ওয়ান (ফ্রান্স)

করোনাভাইরাসের কারণে ৩০ এপ্রিল লিগ ওয়ানের চলতি মৌসুম সমাপ্ত ঘোষণার পর পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা নেইমার-এমবাপ্পেদের প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই মহামারির কারণে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে সব ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা দেন প্রধানমন্ত্রী এদোয়ার্দু ফিলিপে। সরকারের এই ঘোষণার পর ১০ রাউন্ড বাকি থাকতেই মৌসুম সমাপ্ত করে দেয় লিগ ওয়ান কর্তৃপক্ষ। পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণার পাশাপাশি পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দুই দল তুলুজ ও এমিয়েন্সকে রেলিগেটেড করা হয়েছে। আর প্রমোশন পেয়েছে লরেল ও লেন্স।

প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড)

মৌসুম শেষ করার ব্যাপারে গত সপ্তাহে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো রীতিমতো অঙ্গীকার করেছে। যদিও ব্রিটেনের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে সবকিছু। লিগ শুরু নিয়ে প্রিমিয়ার লিগের ২০ ক্লাব আজ আবার ভিডিওকনফারেন্সে বসতে যাচ্ছে। সেখানে লিগ শুরু নিয়ে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। মূলত অর্থনৈতিক কারণেই কিছুটা ঝুঁকি নিয়ে হলেও লিগ শেষ করার পক্ষে ক্লাবগুলো। চলতি মৌসুম শেষ না হলে প্রায় এক বিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়বে ক্লাবগুলো। তাই লিগের অবশিষ্ট ৯২টি ম্যাচ কোনোমতে দর্শকশূন্য মাঠে শেষ করার পক্ষে তারা। এ জন্য ১০টি নিরপেক্ষ স্টেডিয়ামও ঠিক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী রোববার প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে লকডাউন শিথিলের ঘোষণা দিতে পারেন। তার ঘোষণার পরই প্রিমিয়ার লিগ মাঠে ফেরার রূপরেখা দিতে পারেন ইংলিশ ফুটবল কর্তারা। জুন থেকে লিগ শুরু করতে চাইছেন প্রিমিয়ার লিগের প্রধান। তবে রেলিগেশনের শঙ্কায় থাকা ক্লাবগুলো নিরপক্ষে ভেন্যুতে খেলতে রাজি নয়।

সিরি'এ (ইতালি)

চ্যাম্পিয়ন জুভেন্তাসসহ সিরি'এর বেশ কয়েকটি ক্লাব অনুশীলনে নেমে পড়েছে। তবে জুভদের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অনেক কষ্ট করে ইতালিতে পৌঁছালেও অনুশীলন শুরু করতে পারেননি। ইতালি সরকারের নিয়ম অনুযায়ী, অন্য দেশ থেকে আসায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন রোনালদো। গত সপ্তাহে ফুটবলারদের একা একা অনুশীলনের অনুমতি দেয় ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্লাবের জিমে ফিটনেস কাজটা অবশ্য আরও দুই সপ্তাহ আগে থেকেই শুরু করেন তারা। ক্রীড়ামন্ত্রী ভিসেঞ্জো স্প্যাদাফোরা জানিয়েছেন, দলীয়ভাবে অনুশীলনের জন্য ১৮ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবলারদের। লিগ কবে থেকে শুরু হবে, সেটা সুনির্দিষ্ট করে বলতে পারেননি ক্রীড়ামন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সরকারের স্বাস্থ্য সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইতালির ফুটবল কর্তাদের। সেখানে একটি রূপরেখা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

×