শ্রীলঙ্কা সফর বাতিলের ঘোষণা জুনে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ১০ মে ২০২০ | ০০:৪৬
চরম ব্যস্ত সূচিতে ঠাসা ছিল বছরটা। সবকিছু স্বাভাবিক থাকলে এ সপ্তাহে ইংল্যান্ড যেতে হতো তামিম ইকবালদের আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে। ফিরে দেশে টেস্ট খেলতে হতো অস্ট্রেলিয়ার সঙ্গে। শ্রীলঙ্কা সফর, এশিয়া কাপ টি২০, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা, টি২০ বিশ্বকাপ মিলে রমরমা খেলার বছর ছিল বাংলাদেশ দলের। সেই আনন্দ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
২০২০ সালটা এখন পরিণত হতে চলেছে ক্রিকেটের নিরানন্দের বছরে। কিছু সিরিজ বাতিল হয়ে গেছে। কিছু সিরিজ বাতিল হওয়ার অপেক্ষায়। বিসিবি কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, জুনে বাতিল ঘোষণা করা হবে জাতীয় দল ও ইমার্জিং দলের শ্রীলঙ্কা সফর। বিশ্ব পরিস্থিতি দেখে বছরের বাকি সিরিজগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা চলছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই সবার আগে পাকিস্তান সফর বাতিল হয়। বিসিবির অনুরোধে পিসিবি দ্বিপক্ষীয় সিরিজের তৃতীয় পর্বের একটি ওয়ানডে আর একটি টেস্ট স্থগিত করে। এপ্রিলে হওয়ার কথা ছিল ম্যাচ দুটি। মার্চে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে আসে সিরিজ বাতিলের ঘোষণা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ হওয়ার কথা ছিল জুনে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুরোধে দ্বিপক্ষীয় এই সিরিজ মার্চেই স্থগিত করে বিসিবি।
জুলাই মাসে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেটাও নির্ধারিত সময়ে হওয়ার নয়। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জুনে সিরিজ বাতিলের ঘোষণা দেবে। তিনি বলেন, 'অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। করোনাভাইরাসের কারণে কোনো দেশই তো খেলতে পারছে না। কবে খেলা শুরু করা যাবে, তা অনিশ্চিত। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি পুনর্নির্ধারণ করবে। বিশ্ব পরিস্থিতি ভালো হলে আইসিসির দিকনির্দেশনা পেলে পরবর্তী সিদ্ধান্তগুলো নেবে বিসিবি।'
করোনাভাইরাসের কারণে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের খেলাও স্থগিত করা হচ্ছে। দ্বিপক্ষীয় চুক্তি এবং আইসিসির বাধ্যবাধকতা থাকায় জাতীয় দলের খেলাগুলো পুনর্নির্ধারণ করা হবে। কিন্তু বয়সভিত্তিক দলের খেলা সূচি থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। বাংলাদেশ ইমার্জিং দলের যেমন ২০ জুলাই শ্রীলঙ্কা যাওয়ার কথা সিরিজ খেলতে, সেটি বাতিলের জন্য লঙ্কান বোর্ড থেকেই বিসিবির সংশ্নিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এত এত হতাশার খবরের মাঝেও দু-একটি সুখবরও মিলছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার দিনের, তিনটি একদিনের ও দুটি টি২০ ম্যাচ খেলতে আয়ারল্যান্ড 'এ' দল বাংলাদেশে আসবে। ২০২২ সালে বাংলাদেশ যাবে আয়ারল্যান্ডে।