কেবল বাংলাদেশেই কোনো সমর্থন পাই না: রোহিত
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০১:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপেও দেশের আবহে খেলেছে ভারত। ইংল্যান্ডে প্রচুর ভারতীয় প্রবাসীর বসবাস। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ভারতের দর্শকই সম্ভবত বেশি ছিল। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত সব জায়গাতেই ভারতের প্রচুর দর্শক দলকে সমর্থন দিতে যায়।
তবে বাংলাদেশে দৃশ্যপট ভিন্ন। ভারতের ওপেনার রোহিত শর্মার অভিজ্ঞতা হলো, কেবল বাংলাদেশেই কোন সমর্থন পান না তারা। গ্যালারিতে দু-দশজন ভারতীয় সমর্থন থাকেন। কিন্তু তাদের চিৎকার ক্রিকেটারদের কান পর্যন্ত আসে না।
শুক্রবার রাতে বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে রোহিত শর্মা বলেন, ‘গ্যালারিতে সমর্থক ছাড়া খেলার সঙ্গে ভারতের জাতীয় ক্রিকেট দল অভ্যাস্ত নয়। কিন্তু আমরা যখন বাংলাদেশের মাঠে খেলতে নামি, অবিশ্বাস্য ব্যাপার ঘটে যায়। কারণ বাংলাদেশই একমাত্র জায়গা, যেখানে আমরা কোনো সমর্থনই পাই না।’
বাংলাদেশ ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারায়। এরপর ২০১২ এশিয়া কাপে শচীনের শততম সেঞ্চুরির ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। তখন থেকেই ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দর্শকপ্রিয়তা পেতে শুরু করে। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারে বাংলাদেশ। কিন্তু ওই ম্যাচের কিছু বিতর্কিত সিদ্ধান্ত দু’দলের সমর্থকদের মধ্যে আগুনে উত্তাপ ছড়াই।
এরপর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল, নিদাহাস ট্রফি, এশিয়া কাপের ফাইনালে ওই উত্তাপ বাড়ে।বাংলাদেশে খেলতে আসলে তাই দর্শকদের দুয়ো শুনতে হয় ভারতের। পায় না কোন সমর্থন। রোহিত তাই বলেন, ‘যেখানেই আমরা খেলতে যাই না কেন, সমর্থন পাই। ভক্তরা মাঠে আসেন। কেবল বাংলাদেশে আমাদের কোনো সমর্থন জোটে না।’
তখন সশব্দ হাসিতে তামিম বলেন, ‘মাঠের পুরো দর্শক আমাদের সমর্থন দেন। রোহিত বাংলাদেশের সমর্থকদের টুপি খোলা সম্মান জানান। তার মতে বাংলাদেশের দর্শক অসাধারণ। খেলাটা দারুণ উপভোগ করেন তিনি। ভারতের ওয়ানডে দলের এই সহ-অধিনায়ক জানান, বাংলাদেশ দলও এখন পরিবর্তিত এক দল। তারা যেভাবে খেলছে ভবিষ্যতে বলা যায় যা কিছু করে খেলতে পারে এই দল।