আম্পানে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা কোহলিদের
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২০ | ০৪:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের সংকটের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন লণ্ডভণ্ড করে দিয়েছে তেমনি কলকাতায় চালিয়েছে তাণ্ডব।
কলকাতায় ২৫০ বছরের মধ্যে ঘূর্ণিঝড়ের এটিই সবচেয়ে বড় তাণ্ডব বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ১০জনের মতো মারা গেছে বলে জানা গেছে। কলকাতা বিমান বন্দরের রানওয়ের একাংশ পানিতে ডুবে আছে। দুটো শহর বিধ্বস্ত বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আম্পানে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ভারতীয় সাবেক বর্তমান ক্রিকেটাররা। তাদের সৃষ্টিকর্তা যেন রক্ষা করেন সেই প্রার্থনা জানিয়েছেন তারা।
ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি টুইট করেন, 'পশ্চিমবঙ্গ ও ওডিশায় ঘূর্ণিঝড় আম্পানে দূর্গতদের জন্য প্রার্থনা করছি। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুণ, আশা করি সব দ্রুতই ঠিক হয়ে যাবে।'
শিখর ধাওয়ান টুইট করেছে, 'ঘূর্ণিঝড় আম্পানে পশ্চিমবঙ্গ ও ওডিশায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার প্রার্থনা। সবাই একে অপরের খেয়াল রাখুন এবং নিরাপদ থাকুন।'
ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, 'বাংলা ও ওডিশায় ভাই-বোনদের শক্ত থাকার আহ্বান জানাচ্ছি। এই বিপদে আপনাদের প্রতি আমার অন্তরের গভীর থেকে প্রার্থনা।'
ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার টুইট, 'পশ্চিমবঙ্গ ও ওডিসার লোকজনের জন্য প্রার্থনা করছি। যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি আমার সহমর্মিতা।'