আর্জেন্টিনা-মিসর বিতর্কে এবার মুখ খুললেন স্পেনের ডিফেন্ডার কুবারসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৩:০২
মরক্কোকে হারিয়ে ফ্রান্স ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে মাঠের লড়াই শেষ চারে পৌঁছালেও আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং বিতর্ক এখনো থামেনি। বিশেষ করে মিসরের বাতিল হওয়া গোল এবং ভিএআরের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। এমন পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের পাশে দাঁড়িয়েছেন স্পেন ও বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি।
ম্যাচের ৫৮ মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি ভিএআরের সহায়তায় বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সেই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভে ফেটে পড়ে মিসর। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে কুবারসি বলেছেন, রেফারি ফুটবলের নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘আমার মনে হয় সবকিছুই নিয়ম মেনেই হয়েছে। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, লিসান্দ্রো মার্তিনেজের পায়ে বুট দিয়ে চাপ দেওয়া হয়েছিল। তাই ফাউল দেওয়াটা স্বাভাবিক। আমার কাছে ওই ম্যাচে বিতর্কিত বা অস্বাভাবিক কোনো সিদ্ধান্ত মনে হয়নি।’
আর্জেন্টিনার রেফারিংয়ের পক্ষে কথা বলার পাশাপাশি স্প্যানিশ দৈনিক লা ভাঙ্গুয়ার্দিয়াকে দেওয়া আরেক সাক্ষাৎকারে নিজের একটি স্বপ্নের কথাও জানিয়েছেন কুবারসি। সুযোগ পেলে বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির বিপক্ষে খেলতে চান তিনি।
বার্সেলোনার এই ডিফেন্ডার বলেন, ‘ফাইনালে যদি আর্জেন্টিনার মুখোমুখি হতে পারি, তাহলে সেটা হবে দারুণ একটি মুহূর্ত। আর প্রতিপক্ষ যদি মেসি হন, তাহলে সেটি হবে আরও বিশেষ। ছোটবেলা থেকেই তিনি আমার অন্যতম বড় আইডল। তবে তার বিপক্ষে খেলতে হলে শতভাগেরও বেশি মনোযোগী থাকতে হবে। কারণ, মেসি কখন কী করবেন, সেটা আগে থেকে বোঝা খুব কঠিন।’
মাঠের বাইরের বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেও কুবারসির পুরো মনোযোগ এখন বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিকে। সেই বাধা পেরোতে পারলেই শেষ চারে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।