পরাজয় মেনে নিয়ে মরক্কোর কোচ বললেন, সবটুকু উজাড় করে দিয়েছি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৩:০৪ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ১৩:০৮
এবারের বিশ্বকাপেও ফ্রান্সের বাধা টপকাতে পারল না মরক্কো। টানা দ্বিতীয়বার ফরাসিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে অ্যাটলাস লায়ন্সদের। ফ্রান্সের কাছে হেরেও শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন মরক্কো কোচ মোহাম্মদ ওহাবি। তার মতে, খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে বোস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেদের আক্রমণাত্মক ফুটবলের সামনে পুরো ম্যাচেই চাপে ছিল মরক্কো। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফরাসিদের কাছে একই ব্যবধানে হেরেছিল আফ্রিকার দেশটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওহাবি বলেন, ‘আমি খেলোয়াড়দের মাথা উঁচু রাখতে বলেছি। কারণ আমরা আমাদের সবটুকু উজাড় করে দিয়েছি, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখানেই আমাদের থেমে থাকলে চলবে না। অবশ্যই, আমাদের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। আরও উন্নতি করার জন্য এটি অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘আমরা স্রেফ এটুকু বলেই বসে থাকতে পারি না যে আমরা আমাদের পারফরম্যান্সে খুশি ও গর্বিত। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এর জন্য আমাদের বস্তুনিষ্ঠ হতে হবে, নিজেদের ভুলত্রুটি নিয়ে আলোচনা করতে হবে এবং পরিস্থিতি পর্যালোচনা করতে হবে।’
ওহাবি অকপটেই স্বীকার করে নিয়েছেন, ম্যাচের শুরু থেকেই ফ্রান্স তাদের ওপর আধিপত্য বিস্তার করেছে। বলের দখল, আক্রমণের গতি এবং দুই উইং ব্যবহার করে ফরাসিরা মরক্কোর রক্ষণকে চাপে রেখেছিল। তিনি বলেন, ‘প্রথমার্ধ আমাদের জন্য খুব কঠিন ছিল। ফ্রান্স বল পায়ে অসাধারণ ফুটবল খেলেছে। তারা দুই প্রান্ত ও মাঝমাঠ দিয়ে আমাদের অনেক সমস্যায় ফেলেছে। আর যখন বল আমাদের কাছে এসেছে, তখন আমরা দ্রুত আক্রমণে উঠতে পারিনি। ফলে আমাদের অনেক বেশি দৌড়াতে হয়েছে, যা শেষ পর্যন্ত তাদেরই সুবিধা এনে দিয়েছে।’
ফরাসিদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে তিনি, ‘আমাদের স্বীকার করতেই হবে, তারা দুর্দান্ত দল। তাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে। তারা আমাদের চেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছে। আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল, বলের দখলে থাকলেও আমরা সেটি সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। এই পরাজয় মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’
আগামী ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক মরক্কো। স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে দেশটি। তার আগে দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলাই ওহাবির মূল লক্ষ্য।
এবারের আসরে ফ্রান্স শিরোপা জিতবে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও তাদের সামর্থ্যের প্রশংসা করেছেন তিনি। ওহাবি বলেন, ‘তারা ফাইনালে যেতে এবং ট্রফি জিততে চায়। সেই সামর্থ্য তাদের অবশ্যই আছে। এখন তাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সেমিফাইনালে তারা স্পেন অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে। ব্যক্তিগতভাবে আমি আশা করি, প্রতিপক্ষ যেন বেলজিয়াম হয়।’
- বিষয় :
- মরক্কো
- ফ্রান্স
- ফুটবল বিশ্বকাপ-২০২৬