ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বংশালে মোটরসাইকেল যন্ত্রাংশের গুদামে বিস্ফোরণ ও আগুন, নিহত ১

বংশালে মোটরসাইকেল যন্ত্রাংশের গুদামে বিস্ফোরণ ও আগুন, নিহত ১
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৪:১১ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ১৪:১২

রাজধানীর বংশালে মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের একটি গুদামে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাজমুল হোসেন নামে তার এক মামাতো ভাই দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মুকিমবাজারের শিয়াগলির একটি তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের ভেতরে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ভোরে দরজা খোলার পর কোনোভাবে সেই গ্যাস বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের প্রতিবেশী হামিদুল ইসলাম জানান, ভবনের নিচতলায় দেলোয়ারের মোটরসাইকেলের যন্ত্রাংশের গুদাম ছিল। ধোঁয়া বের হতে দেখে দেলোয়ার ও তার মামাতো ভাই নাজমুল নিচে নামেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় নিচতলার একটি দেয়ালও ধসে যায়। দেয়ালের নিচে চাপা পড়ে দেলোয়ার গুরুতর আহত হন। নাজমুলও দগ্ধ হন।

পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। নাজমুল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।
 

আরও পড়ুন

×