ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অনুশীলন ম্যাচে গ্যালারিতে কীভাবে ঢুকল দর্শক

দর্শকের কটূক্তি: রেগে গেলেন মুশফিক

দর্শকের কটূক্তি: রেগে গেলেন মুশফিক
×

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন ম্যাচে আউট হয়ে বেরিয়ে আসার পথে গ্যালারি থেকে এক দর্শক কটূক্তি করলে তার কাছে গিয়ে জবাব চান মুশফিকুর রহিম-ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ১৪:২৬

খেলা নিয়ে মুশফিকুর রহিম বরাবরই খুব সিরিয়াস থাকেন। বাজে আউট হলে বা রান না পেলে তার চোখেমুখে থাকে হতাশার ছাপ। নিজেকেই নিজে ধিক্কার জানান। গতকালও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন ম্যাচে ৪ রানে আউট হয়ে হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন বিসিবি লাল দলের এই ব্যাটসম্যান। ভিউইং এরেনার কাছাকাছি পৌঁছাতেই অপ্রীতিকর একটি ঘটনার মুখোমুখি হন তিনি। তাকে উদ্দেশ করে কটূক্তি করে বসেন ভিআইপি গ্যালারিতে বসা ইমরান হাসান নামের এক দর্শক। মেজাজ হারিয়ে মুশফিকও পৌঁছে যান গ্যালারির দর্শকের কাছে। যদিও ওই দর্শককে শুধু সতর্ক করেই থেমে গেছেন মিডল অর্ডার এ ব্যাটসম্যান।

বিসিবির নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, রান না পেয়ে হতাশ মুশফিক ব্যাটের দিকে তাকিয়ে মাথা নিচু করে ড্রেসিংরুমের দিকে এগোচ্ছিলেন। দর্শক ইমরান তখন কটূক্তি করেন, 'ব্যাটে তাকিয়ে কী করবেন। আমাকে দেখেন।' এই কথা শোনার পর মুশফিক ব্যাট ও হেলমেট ফেলে দেয়াল বেয়ে গ্যালারিতে উঠে ছেলেটির কাছে বলেন, 'তোমাকে দেখে কী করব! এ রকম আর করবেন না।' এ সময় বিসিবির নিরাপত্তাকর্মীরা ইমরানকে গ্যালারি থেকে বের করে দেন। ইমরান অবশ্য দোষ স্বীকার করেননি। তার দাবি, 'আমি শুধু মাথা উঁচু করে যেতে বলছিলাম উনাকে। আর কিছু না।'

প্রশ্ন হলো, জাতীয় দলের এ ধরনের অনুশীলন ম্যাচে কেন ঢালাও দর্শক ঢোকার সুযোগ দেয় বিসিবি নিরাপত্তা বিভাগ। আর সুযোগ দিলেও সেটা ভিআইপি গ্যালারিতে কেন? বিসিবি নিরাপত্তা বিভাগের সংশ্নিষ্টরা হয়তো ভুলে যান, ভিআইপি গ্যালারির দুই পাশেই ক্রিকেটারদের দুটি ড্রেসিংরুম। যে কোনো সময় ক্রিকেটারদের উদ্দেশে অশালীন মন্তব্য করে বসতে পারে যে কেউ। গতকাল ঘটেছেও ঠিক তাই। অথচ ভারতীয় দলের একান্ত অনুশীলনে অনেক সময় মিডিয়া কর্মীদেরও কাছে যেতে দেওয়া হয় না। একটা দূরত্ব রেখে ভিডিও করতে হয় ক্যামেরাম্যানদের।

বিসিবি কর্মকর্তাদের এটা অজানা নয়। এসব জেনেবুঝেও কেনইবা দর্শকদের জন্য এত উদারতা দেখাচ্ছে বিসিবি! খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় দলের অনুশীলনের সময় ভিআইপি গ্যালারিতে ফেসবুক ভিত্তিক ক্রিকেট ফলোয়ার গ্রুপ তৈরি হয়েছে মিরপুরে। বিসিবির এক শ্রেণির কর্মচারীর সঙ্গে সখ্য গড়ে তুলে যে কোনো তারা সময় স্টেডিয়ামে ঢুকে পড়েন। মিডিয়া ব্রিফিংয়ের মোবাইল হাতে দাঁড়িয়ে যেতে দেখা যায় অপরিচিত অনেককে।

আরও পড়ুন

×