জমজমাট এমবাপ্পে-ডি মারিয়া ও ইকার্দি জুটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৫:৩১ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৫:৫১
মাউরো ইর্কাদিকে এক প্রকার জোর করেই ক্লাব ছাড়া করেছে ইন্টার মিলান। ইতালির ক্লাবটি তরুণ স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে পেয়ে গেছে। ওদিকে রোমেলু লুকাকু-অ্যালেক্স সানচেজরা যোগ দিয়েছেন ইন্টারে। দলবদলের ভাঙা হাটে ধারে পিএসজি এসেছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। এসেই দারুণ খেলছেন তিনি। কাভানির ইনজুরিতে দলে জায়গা পাওয়া ইকার্দি শুরুর একাদশে জায়গায় বড় দাবিদার হয়ে উঠেছেন। দারুণ জুটি গড়েছেন কিলিয়ান এমবাপ্পে এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে।
সর্বশেষ ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ৪-০ গোলে জিতেছে পিএসজি। লিগে দ্বিতীয় অবস্থানে থাকা ন্যানটেসের চেয়ে আট পয়েন্ট এগিয়ে গেছে তারা। দলের দুর্দান্ত এই জয়ে এমবাপ্পে করেছেন দুই গোল। মাউরো ইকার্দিও করেছেন জোড়া গোল। প্রথমার্ধেই চার গোলের লিড নেয় টমাস টাখেলের দল। ম্যাচে ডি মারিয়া গোল না পেলেও সহায়তা করেছেন দুই গোলে।
শুধু মার্সেইয়ের বিপক্ষে নয় ক্লাব ব্রুস-নাইসের বিপক্ষেও দুর্দান্ত জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন এই ত্রয়ী। পিএসজি শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে কমপক্ষে চারটি করে গোল করেছে। এমবাপ্পে-ডি মারিয়া ও ইকার্দি জমজমাট জুটি গড়ে দলকে এই জয় এনে দিয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুসের বিপক্ষে ৫-০ গোলের জয় তুলে নেয় পিএসজি। এমবাপ্পে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে হ্যাটট্রিক করেন। তার সঙ্গে এমবাপ্পে করেন জোড়া গোল। ডি মারিয়া গোল না পেলেও গোলে সহায়তা দেওয়ার হ্যাটট্রিক করেন।
এর আগে লিগে নাইসের বিপক্ষে পিএসজি জয় পায় ৪-১ গোলে। ওই ম্যাচে ডি মারিয়া করেন জোড়া গোল। একটি করে গোল করেন মাউরো ইকার্দি এবং এমবাপ্পে। লিগে অ্যাংগার্সের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন নেইমার। ওই ম্যাচে তাই ডি মারিয়া শুরুর একাদশে ছিলেন না। তবে ইকার্দি গোল করেন ওই ম্যাচে। চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারের বিপক্ষে গোল করেন ইকার্দি। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে চার বা ততোধিক গোল করেছে পিএসজি। এর মধ্যে তিনটিই এসেছে এমবাপ্পে-ডি মারিয়া এবং ইকার্দি জুটিতে। একটি এমবাপ্পে-ডি মারিয়া জুটিতে। অন্যটিতে খেলেছেন নেইমার।