আলোচনায় সাকিব, আলোচনায় সমকাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৩:০৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ০৬:৩২
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞার মুখে। এ নিয়ে মঙ্গলবার দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রতিবেদন দেশে-বিদেশে এখন আলোচনায়। দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির (বুকি) কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব। সেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে জানাননি সাকিব। পরে তদন্ত করে ঘটনাটি জানতে পারে আইসিসি। সাকিবকে তাই সব ধরনের ক্রিকেটে কিছু দিনের জন্য নিষিদ্ধ করার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা।
মঙ্গলবার দৈনিক সমকালের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আলী সেকান্দারের লেখা প্রতিবেদনটি প্রথম সংস্করণ ও নগর সংস্করণে পৃথক শিরোনামে প্রকাশিত হয়। নগর সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ছিল '১৮ মাস নিষিদ্ধ হচ্ছেন সাকিব'। আর প্রথম সংস্করণের শিরোনাম ছিল, 'জুয়াড়ির প্রস্তাব গোপন করেন সাকিব'।
সোমবার গভীর রাতে সমকালের প্রিন্ট সংস্করণ বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন ফেলে প্রতিবেদনটি। পত্রিকার ছবি তুলে পাঠকরা রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। সমকাল অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে বার্তা দিয়ে রাতেই প্রতিবেদনটি সম্পর্কে জানতে চান অনেকে।
সমকালের 'ব্রেক' করা প্রতিবেদনটি দেখে 'অবাক' হয়েছেন অনেকে, জানিয়েছেন প্রতিক্রিয়া। অনেকে ফেসবুকে প্রতিবেদনটি শেয়ার করে যেমন বিস্ময় প্রকাশ করেন। সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিবেদনের নিচে সাকিবভক্তরা এখনও নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, 'মনের এই দুঃখ কোথায় রাখি।' অন্য একজন মন্তব্য করেন, 'দুঃসংবাদটা শুনে খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা থেকে বিরত থাকলাম।' কেউ হতাশা লুকিয়ে লিখেছেন, 'আশা করছি আপিলে একটা ভালো ফল আসবে।' অন্য অনেকে লিখেছেন, "সাকিব জুয়াড়ির প্রস্তাব 'গোপন' নয়, 'প্রত্যাখান' করেছেন।"
আইসিসির সমালোচনা করেও করছেন বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা। দুই বছর আগে সাকিবের পাওয়া প্রস্তাবের তদন্ত প্রতিবেদন ভারত সফরের আগে কেন- সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ক্রিকেটারদের ধর্মঘটের সঙ্গে সাকিবের নিষেধাজ্ঞা পাওয়ার কোন সম্পর্ক আছে কি-না এমন প্রশ্নও তোলা হচ্ছে। এছাড়া সাকিব জুয়াড়ির প্রস্তাব প্রত্যাখান করেন তারপরও কেন এতো বড় শাস্তি দেওয়া হবে- এমন প্রশ্নও এসেছে।
এদিকে দেশের অনেক নিউজপোর্টালও সমকালের প্রতিবেদনটি প্রকাশ করে। কিছু নিউজপোর্টাল সমকালকে সূত্র হিসেবে উল্লেখ করলেও কিছু নিউজপোর্টাল তা করেনি। এছাড়া দেশের বেসরকারি টেলিভিশনগুলো সাকিব ও আইসিসির পদক্ষেপ নিয়ে সমকালে প্রকাশিত প্রতিবেদনের সূত্রধরে সংবাদ প্রচার করে।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- সাকিবের নিষেধাজ্ঞা