ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাকিবের পাশে সরকার, সাকিবের পাশে দেশ

সাকিবের পাশে সরকার, সাকিবের পাশে দেশ
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৪:৫৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ০৫:৫৩

জুয়াড়ির দেওয়া অনৈতিক প্রস্তাব প্রত্যাখানের পর তা গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দিতে পারে। আইন অনুযায়ী, শাস্তিটা ছয় মাস থেকে পাঁচ বছর। তবে আইসিসি থেকে যে সিদ্ধান্তই আসুক সাকিবের পাশে আছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মঙ্গলবার এমনটাই জানিয়েছেন। বিসিবিও বিশ্বসেরা এই অলরাউন্ডারের পাশে আছে বলে ঘোষণা দিয়েছে। আর ভক্তরা সাকিবকে দিয়ে যাচ্ছেন অভয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল (এমপি) মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তারা সাকিবের পাশে আছেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বলেন, 'এটা তো আমাদের বোর্ডের অভ্যন্তরীণ বিষয় নয়। এটা আইসিসির ব্যাপার। আমরা প্রতিবেদনটা পড়ে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। তাকে কী শাস্তি দেওয়া হবে তা আমরা জানি না। তবে যে সিদ্ধান্তই আসুক। সাকিব যায়ই করুক আমরা তার পাশে আছি।'

না জেনে ভুলটি করে বসেছেন- আকসুর কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাকিব। তিনি জুয়াড়ির প্রস্তাব গ্রহণ করেননি। বরং প্রত্যাখ্যান করেছেন। বড় কোন অন্যায় করেননি। সেজন্য আশা করা হচ্ছে, সাজার মেয়াদ হয়তো খুব বেশি দিন হবে না। আকসুর কাজে তিনি সহায়তা করেছেন। আবেদন করলে তাই সাজা কমে ছয় মাস করতে পারে আইসিসি। ঘনিষ্ঠ এক সূত্র সমকালের কাছে দাবি করেছের, সাকিব শাস্তি কমানোর আবেদন করার মানসিক এবং আইনি প্রস্তুতিও নিয়ে রেখেছেন।

বোর্ডও সাকিবের পাশে আছে বলে জানিয়েছে। রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কার্যালয়ে বিষয়টি নিয়েই রুদ্ধদ্বার বৈঠক করেন সাকিব। বিসিবি সূত্রের খবর, সেখানেই বোর্ড সভাপতি সাকিবকে আশ্বস্ত করেছেন, পুরো ব্যাপারটিতে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই সাকিবের পাশে থাকবে বিসিবি। ক্রিকেটারদের আন্দোলন ও পরবর্তী সময়ে চুক্তি লঙ্ঘন করে বাণিজ্যিক চুক্তি করায় শোকজ নোটিশ পেয়েছেন সাকিব। সব মিলিয়ে সাধারণ একটি ধারণা  হলো, সাকিবের বিরুদ্ধে 'বদলা' নেবেন বিসিবিপ্রধান। কিন্তু সংশ্নিষ্ট একটি সূত্র সমকালকে জানায়, সেই পথে হাঁটছেন না নাজমুল হাসান পাপন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব তথা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বেশ সোচ্চার। তারা সাকিবের সাজার বিষয়ে হতাশা প্রকাশ করছেন। ফেসবুক টুইটারে বিভিন্ন মতামত দিচ্ছেন।

মঙ্গলবার সমকালের 'ব্রেক' করা প্রতিবেদনটি দেখে 'অবাক' হয়েছেন অনেকে। সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজে জানতে চেয়েছেন নানা বিষয়ে। নানা মন্তব্যও করছেন। শেখ শিমুল নামে একজন লিখেছেন, 'সাকিব জুয়াড়ির প্রস্তাবে রাজী হননি। এটা তাহলে কোন ধরণের অপরাধ? হৃদয় আদনান লিখেছেন, আমার প্রশ্ন দুই বছর আগের কাহিনী এখন কেনো জানালো। এত দিন কেন জানে নাই। নুরুজ্জামান সোহাগ মন্তব্য করেন, একজন সাকিব বাংলাদেশে বার বার জন্ম নেয় না। সাকিবকে নিয়ে নোংড়া খেলায় মেতেছে আইসিসি। শেখ সোহেল আহমেদের প্রশ্ন, আইসিসি সাজা দেওয়ার ক্ষেত্রে এতো অ্যাডভান্স। তাহলে ফোন কল ট্রেকিং করতে দুই বছর লাগলো কেন?  মারুফ উদ্দিন নিরব লিখেছেন, ম্যাচ পাতানোর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সাকিবকে সাজা নয় বরং পুরস্কার দেওয়া উচিত। এছাড়া আইসিসি কেন এতোদিন তদন্তের সিদ্ধান্ত দেয়নি। ভারত সিরিজের আগে কেন দু'বছর আগের ঘটনা নিয়ে টানা-টানি এমন অনেক মন্তব্য করে সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তার ভক্তরা।

আরও পড়ুন

×